সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় নেই রওশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় নেই জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদের। তিনি বলেছেন, নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়ে এগিয়েছে। আশা করি, তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রওশন এরশাদ এ কথা বলেন।
অবশ্য তাঁর স্বামী ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গত ২২ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সমালোচনা করে বলেছিলেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড নাই।
এরশাদের বক্তব্য প্রসঙ্গে রওশন বলেন, দলের নেতা-কর্মীদের উৎসাহ দিতেই ইসির ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি (এরশাদ) বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ‘আসলে দলের চেয়ারম্যান হিসেবে নেতা-কর্মীদের উৎসাহিত করতে অনেক কিছু বলতে হয়। পার্টি চাঙা করতে সেগুলো বলেছেন। ইসিকে উনি প্রশ্নবিদ্ধ করেননি।’ রওশন বলেন, ‘স্বাধীন নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছে, সেই প্রেক্ষাপটে উনি কথা বলেছেন। ইসিতো স্বাধীন—তাহলে আবার সরকারের সহযোগিতা চাইবে কেন।’
রওশন বলেন, জাতীয় পার্টি নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু-অবাধ-নিরপেক্ষ নির্বাচন আশা করছে। তিনি বলেন, জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পাবে এবং গ্রহণযোগ্য প্রার্থীরা যাতে নির্বাচিত হতে পারে সেই দাবি জানাচ্ছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রওশন বলেন, ভোটের মাঠে জাতীয় পার্টির প্রার্থীদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের কোনো সংঘর্ষ হয়নি। যা হচ্ছে সেটা আওয়ামী লীগের সঙ্গে তাদের বিদ্রোহী প্রার্থীর, বিএনপির সঙ্গে তাদের বিদ্রোহী প্রার্থীর মধ্যে। জাতীয় পার্টির প্রার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে—এরশাদের এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভয়ভীতি যারা দেখাচ্ছে, তারা সরকারের। যেহেতু তারা সরকারে আছে, সে জন্য ভয় দেখাচ্ছে। প্রত্যেক নির্বাচনেই কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে।
কাল বুধবার দেশের ২৩৪টি পৌরসভায় প্রথমবারের মতো দলীয়ভাবে ভোট হচ্ছে। জাতীয় পার্টির প্রার্থীরা ৭৪ পৌরসভায় মেয়র পদে লড়ছেন।
রওশন এরশাদ মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা এবং শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, ‘এত দিন পর শহীদের সংখ্যা নিয়ে যদি কথা বলেন—তাহলে তো নিজের অস্তিত্বই নেই। সেটেলড ইস্যু নিয়ে বিতর্ক করা উচিত হয়নি। এটা দুঃখজনক।’ তিনি বলেন, সবাইতো বাংলাদেশ চেয়েছে। ৩০ লাখ শহীদ নিয়ে কথা বলাটা সামান্য ব্যাপার না। এ ধরনের বক্তব্য আসা উচিত হয়নি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান, বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।