ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এর ফলে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার আইনশৃঙ্খলা ও আচরণবিধি-সংক্রান্ত মতবিনিময় সভায় প্রার্থীরা এ আশঙ্কার কথা বলেন।
২৮ মে উপজেলার ১০টি ইউপিতে ভোট। এ নির্বাচন সামনে রেখে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা। সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার (এসপি) খন্দকার মুহিদ উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম এস এম জাকারিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবা আখতার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের।
মতবিনিময় সভায় জামপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হামিম শিকদার অভিযোগ করেন, স্থানীয় জাতীয় পার্টির সাংসদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা ও উন্নয়নমূলক কাজের আশ্বাস দিচ্ছেন।
সনমান্দি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন বলেন, প্রতিদিন সংঘর্ষ হচ্ছে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। একই ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদা হাসান জিন্নাহ অভিযোগ করেন, আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র দখল করার হুমকি দিচ্ছেন।
শম্ভুপুরা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরজাহান বেগম বলেন, ‘প্রচারণা চালাতে গেলেই কর্মীদের ওপর হামলা হচ্ছে। উপজেলার একমাত্র নারী প্রার্থী হওয়ার পরও পুলিশের কোনো সহযোগিতা পাচ্ছি না।’
নোয়াগাঁওয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেওয়ান উদ্দিন চুন্নু ও একই দলের বিদ্রোহী প্রার্থী ইউসুফ দেওয়ান একে অন্যের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ করেন।
পিরোজপুর ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম বলেন, ‘প্রতিদিনই কর্মীদের ওপর হামলা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে আছি।’
প্রার্থীদের আশ্বস্ত করে জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বলেন, ‘সোনারগাঁয়ে বেশিসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে বলে আশা রাখি।’