সুষ্ঠু নির্বাচন নিয়ে 'সংশয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক সাধারণ ভোটার। এদিকে নয় ইউনিয়নের ৯০টি ভোটকেন্দ্রের সবগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তার মধ্যে ৭৭টি অধিক ঝুঁকিপূর্ণ।
আগামী ৪ জুন উপজেলার নয়টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী ও অনেক সাধারণ ভোটার সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন। ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারবেন কি না, এই নিয়ে শঙ্কা রয়েছে অনেকের।
স্থানীয় লোকজন বলেন, গত শনিবার রাতে উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে ১৬০টি ককটেল উদ্ধার; মতিগঞ্জের ইউপি চেয়ারম্যান ও বিএনপির প্রার্থীর বাড়িতে বোমা হামলা এবং গোয়ালঘরে আগুন; নবাবপুরের ইউপি চেয়ারম্যান ও বিএনপির প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনায় এই শঙ্কার সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি এবং আওয়ামী লীগ ও বিএনপির ‘বিদ্রোহী’ হিসেবে পরিচিত একাধিক চেয়ারম্যান পদপ্রার্থীর অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে বহিরাগত সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখল করতে পারে। আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকদের কথাবার্তায় এ ধরনের ইঙ্গিত মিলছে।
নবাবপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী দেলোয়ার হোসেন এবং আমিরাবাদ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী জহিরুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরাও শান্তিপূর্ণ নির্বাচন চান। তাঁরা বলেন, আওয়ামী লীগের শাসনামলে অনেক উন্নয়নকাজ হয়েছে। এ জন্য নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ জন্য বিএনপির প্রার্থীরা এখন অপপ্রচার চালাচ্ছেন।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফা হক বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
গতকাল সোমবার সরেজমিনে প্রার্থীদের তেমন প্রচার-প্রচারণা চোখে পড়েনি। স্থানীয় অনেকে বলেন, অন্যবারের তুলনায় এবার উৎসবের আমেজ নেই। প্রার্থীরা অনেকটা দায়সারাভাবে প্রচারণা চালাচ্ছেন।
এদিকে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, নয়টি ইউনিয়নের ৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৭টিকে অধিক ঝুঁকিপূর্ণ ও ১৩টিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও ব্যাটালিয়ন আনসার মোতায়েন করা হবে। এ ছাড়া প্রতি ইউনিয়নে পুলিশের একাধিক ভ্রাম্যমাণ দল কাজ করবে। তা ছাড়া র্যা ব ও বিজিবি মোতায়েন করা হচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলায় নয়টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৫ জন, সাধারণ সদস্য পদে ২২০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১৬ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ডে পাঁচজন এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।