দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১০টিতে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখানে সুষ্ঠু নির্বাচনে বিএনপির ভরসা দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী জেড এইচ এম মাহমুদ আলী। চতুর্থ দফায় ৭ মে এখানে নির্বাচন হবে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ওই ১২ ইউপিতে চেয়ারম্যান পদে ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফতেহজংপুর ও আউলিয়াপুকুর ইউনিয়ন ছাড়া সব ইউপিতে বিএনপির প্রার্থী রয়েছে। এখানে মোট ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫ হাজার ৪৬৭ জন ও নারী ভোটার সংখ্যা ১ লাখ ৪ হাজার ৪৯৫। সাধারণ সদস্য পদে ৩৭৬ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অমরপুরে বিএনপির প্রার্থী মো. আনিছুর রহমান বলেন, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এলাকার সজ্জন ব্যক্তি। তিনি এলাকায় তাঁর দলীয় লোকদের কখনো সন্ত্রাসী কার্যাকলাপে প্রশ্রয় দেননি। বরং কেউ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তাই সামান্য ইউপি নির্বাচন নিয়ে মন্ত্রী তাঁর নিজের সুনামের ওপর কোনো কালি লাগাতে দেবেন না।
ভিয়াইলের বিএনপির প্রার্থী মো. ইশতিয়াকুল আলম বলেন, গত ২৩ এপ্রিল মন্ত্রীর সংসদীয় আসনের খানসামায় ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। সেখানে ছয়টি ইউনিয়নে কোথাও সহিংসতা বা নির্বাচনে অনিয়মের ঘটনা ঘটেনি। তাই খানসামার মতো চিরিরবন্দরেও অবাধ সুষ্ঠু নির্বাচন হবে বলে তিনি আশা করছেন।
নশরতপুরের বর্তমান চেয়ারম্যান ও বিএনপির প্রার্থী মো. নূরে আলম সিদ্দিকী বলেন, ৫ জানুয়ারির আগে-পরে দিনাজপুরে সবচেয়ে সহিংসতার ঘটনা ঘটে তাঁর ইউনিয়নের রানীবন্দর এলাকায়। বর্তমানে মন্ত্রীর কার্যক্রমে পরিস্থিতি শান্ত রয়েছে। চিরিরবন্দরে সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির সব প্রার্থী মন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন।
আলোকডিহির বিএনপির প্রার্থী মীর্জা লিয়াকত আলী বেগ ও আবদুলপুরের বর্তমান চেয়ারম্যান বিএনপির প্রার্থী মো. ময়েন উদ্দিন শাহ্ বলেন, আলোকডিহি ও আবদুলপুরে আওয়ামী লীগের প্রার্থীরা প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। বিএনপির পক্ষে যেসব নেতা-কর্মী খাটছেন, তাঁদের হুমকি ও হয়রানি করা হচ্ছে। কিন্তু মন্ত্রী তাঁর এলাকায় সহিংসতা বা ভোট কারচুপির প্রশ্রয় দেবেন বলে তাঁরা বিশ্বাস করেন না।
জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য পররাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই জেড এইচ মোহাম্মদ শামীম আলী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বার্তা প্রশাসন ও সব প্রার্থীকে দেওয়া হয়েছে।