সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ ইসি: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি বলেছে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ‘সন্ত্রাস-অনিয়ম’ ঠেকাতে নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবি করেন।
এ পরিস্থিতিতে নির্বাচনের ফল বিএনপি মেনে নেবে কি না, এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচনসংক্রান্ত আরও যেসব বক্তব্য রয়েছে, তা আমরা পরে বলব। এখন তাৎক্ষণিক নির্বাচনে যেসব তথ্য পেয়েছি, তা জানালাম।’
রিজভী বলেন, ‘সকাল থেকে আওয়ামী ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির নেতা-কর্মী ও এজেন্টদের মারধর করে প্রায় অধিকাংশ কেন্দ্র থেকে বের করে দেয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে যে ভূমিকা রাখা উচিত ছিল, তা রাখতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন।’
এ সময় রিজভী বিভিন্ন কেন্দ্র দখল, বহিরাগতদের কেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার আলোকচিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘বলা হয়েছে, বহিরাগতরা ২৮ তারিখ সিটি এলাকা ছেড়ে যাবেন। আমাদের যেসব নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গেছেন, তাঁরা চলে এসেছেন। তাহলে কী করে বহিরাগতরা নির্বাচনী কেন্দ্রগুলোতে সন্ত্রাস করল, জাল ভোট করল?’