সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশ আ. লীগের
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পৌরসভা নির্বাচন করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে সভানেত্রীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ নির্দেশ দেন।
মাহবুবুল আলম হানিফ বলেন, ‘শুরু থেকে বিএনপি নির্বাচন নিয়ে নানা ধরনের অভিযোগ করে আসছে। আমরা আজ আর কোনো অভিযোগ করব না। দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ থাকবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনকে তাঁরা যেন সহায়তা করে। ভোট নিয়ে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।’ তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপিসহ অন্য দলগুলোকেও অনুরোধ করব তারাও যেন সহায়তা করেন। আমরা চাই উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোট হোক। বিএনপি কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তাঁদের এ বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া উচিত।’
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, এ নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। তবে উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখার জন্য দেশের মানুষ নৌকায় ভোট দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ভোটারদের আরেকবার প্রমাণ করতে হবে তাঁরা উন্নয়ন অগ্রগতি চায়। তাঁদের সিদ্ধান্ত নিতে হবে একদিকে উন্নয়ন অগ্রযাত্রা আর অন্যদিকে বিএনপির হত্যা-সন্ত্রাস-আগুন দিয়ে পোড়ানো।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, আবদুর রাজ্জাক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।