সুষ্ঠু নির্বাচনের আশা করে আর লাভ নেই: নজরুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই সরকারের কাছে সুষ্ঠু নির্বাচনের আশা করে আর লাভ নেই। এই সরকার যত দিন থাকবে, তত দিন দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। তিনি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে বলেন, ইউপি নির্বাচনের পরবর্তী ধাপগুলোতে বিএনপি যুক্ত থেকে লাভ আছে কি না, সেটা আলোচনার বিষয়।
গতকাল রোববার সকালে রাজধানীর পুরানা পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ কথা বলেন। ‘গুম, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কল্যাণ পার্টি। নজরুল বলেন, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনায় ফিলিপাইনে হুলুস্থুল হচ্ছে। অথচ বাংলাদেশ নীরব। এ নিয়ে দু-একজন মুখ খুললে তাঁদের গুম করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
নির্বাচন বাতিলের দাবি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইউপি নির্বাচন বাতিলের দাবি জানান। তিনি বলেন, আজ্ঞাবাহী বর্তমান নির্বাচন কমিশনের সব নির্বাচন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। রিজভী বলেন, প্রথম দুই দফার নির্বাচনে এখন পর্যন্ত ৪২ জন নিহত হয়েছেন। নির্বাচনী সহিংসতায় শিশু নিহত হয়েছে। পুলিশ ভোট দিচ্ছে। ভোটের নামে তামাশা আওয়ামী লীগের ঐতিহ্য।
রিজভী বলেন, ধারাবাহিকভাবে সব নির্বাচনে আওয়ামী লীগের ভোট-সন্ত্রাসের সহযোগিতাকারী হিসেবে বর্তমান নির্বাচন কমিশন এখন একটি নিথর নিষ্ক্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশের নির্বাচনী ব্যবস্থা এখন অভিভাবকহীন। জনগণের ভোটাধিকার এখন এতিম হয়ে পড়েছে। নির্বাচন কমিশন তাদের লজ্জার ভূষণ জাদুঘরে জমা দিয়ে দিয়েছে।