সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ অক্টোবর অনুষ্ঠেয় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী। গতকাল শুক্রবার সকালে তিনি ওই আশঙ্কার কথা জানান।
ওই ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুল হাই দাবি করেন, গত পাঁচ বছরে এলাকার অনেক উন্নয়ন করেছেন। বিপদে-আপদে মানুষের পাশে ছিলেন এবং আছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু জাহের ভূঁইয়া বলেন, গত ৪ জুন ওই ইউপির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৪ মে ওই নির্বাচন স্থগিত করা হয়। ওই রিট করেন ওই ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের বাসিন্দা শরিফ হোসেন। চলতি অক্টোবরের প্রথম সপ্তাহে ওই স্থগিতাদেশ প্রত্যাহার হলে ৩১ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম বলেন, যেকোনো মূল্যে ওই ইউপি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করা হবে। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে আট সদস্যের একটি তদারকি দল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ, আনসার ও র্যা বের সদস্য নিয়োগ করা হবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ওই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির প্রার্থী আবদুল হাই, আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ মঞ্জুর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম। এ ছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ সদস্যপদে ২৭ ও সংরক্ষিত (নারী) সদস্যপদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার ১৪ হাজার ৯৯৯ জন।