সুষ্ঠু ভোট নিয়ে সব পক্ষই শঙ্কায়
ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন শরীয়তপুরের তিন উপজেলার আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীরা। ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কায় আছেন ভোটারও।
তিন উপজেলার মোট ১৯টি ইউনিয়নের ১৭৬টি কেন্দ্রে ভোট হচ্ছে। প্রশাসন সব কেন্দ্রই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে।
১৯টি ইউপির মধ্যে ১৪টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এ জন্য এগুলোতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীদের মধ্যে।
জেলার ভেদরগঞ্জ ও ডামুড্যা উপজেলার ৮টি ইউনিয়নের প্রার্থী, নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তি ও ভোটারদের সঙ্গে কথা বলে এমন চিত্র মিলেছে।
ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাউদ্দিন মাতুব্বর প্রথম আলোকে বলেন, ‘এই ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন তালুকদার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর ভাই সরকারের একটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। তিনি নির্বাচনপ্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই প্রভাব বিস্তার করে আসছেন। এ জন্য ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কায় আছি।’
ডামুড্যা উপজেলার সিধলকুরা ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল ইসলাম। তিনি বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আমি হামলার শিকার হয়ে আহত হয়েছি। আমার সমর্থকদের মারধরও করা হয়েছে।’ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জানে আলম খোকনের সমর্থকেরা ভোটকেন্দ্র দখল করবেন বলে আশঙ্কা তাঁর। এ বিষয়ে জানে আলম বলেন, ‘মিথ্যা প্রচারণা দিয়ে আমার সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে। এখানে কোনো সহিংসতা হবে না। ভোট সুষ্ঠু হবে বলে আশা করছি।’
শঙ্কার কথা জানালেন ভেদরগঞ্জের চর সেনসাস ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম বালা। তিনি বলেন, আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থী ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন, যেন তাঁরা ভোট দিতে না যান। তাঁরা ঘোষণা দিয়েছেন সকালেই কেন্দ্র দখল করবেন।
ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের সেলিম মিয়া বলেন, ‘এখানে যাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুজনই আওয়ামী লীগের লোক। আগেও তাঁদের মধ্যে সংঘর্ষ হয়েছে। নির্বাচনের দিন ভোট দিতে পারব কি না, তা নিয়ে ভয়ের মধ্যে আছি।’
তবে ভোট সুষ্ঠু হবে বলে প্রতিশ্রুতি দিলেন জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিগত দুটি ধাপের নির্বাচনে এখানে কোনো ধরনের সহিংসতা হয়নি। এবারও হবে না। নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দিয়েছে, সেভাবেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি, শান্তিপূর্ণভাবে ভোট হবে।’
আজ শনিবার ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে শরীয়তপুরের ভেদরগঞ্জের নয়টি, ডামুড্যায় সাতটি এবং গোসাইরহাট উপজেলায় একটিতে নির্বাচন হচ্ছে। এর আগেই ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ও চর কুমারিয়াতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।