সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগমারা সোনাডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আজাহারুল হক (গলায় ফুলের মালা পরা) নির্বাচনের মাত্র দুদিন আগে এলাকায় এভাবেই মহড়া দেন ও মিছিল করেন। ছবিটি গত শনিবার বিকেলে ইউনিয়নের নাসিরগঞ্জ থেকে তোলা l প্রথম আলো
বাগমারা সোনাডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আজাহারুল হক (গলায় ফুলের মালা পরা) নির্বাচনের মাত্র দুদিন আগে এলাকায় এভাবেই মহড়া দেন ও মিছিল করেন। ছবিটি গত শনিবার বিকেলে ইউনিয়নের নাসিরগঞ্জ থেকে তোলা l প্রথম আলো

রাজশাহীর বাগমারার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সুষ্ঠু ভোট হবে কি না, তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন বিরোধীদলীয় ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। আজ সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু ক্ষমতাসীন দলের প্রার্থী ও সমর্থকেরা বিরোধীপক্ষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোয় এ শঙ্কা দেখা দিয়েছে।
এই অভিযোগে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের ক্ষমতাসীন দলের এক কর্মীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে প্রশাসন দাবি করেছে, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী হুমকিতে শ্রীপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী আকবর আলী মল্লিক নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, চতুর্থ ধাপে গত ৭ মে বাগমারার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৫ মে রাতে অনিবার্য কারণ দেখিয়ে নির্বাচন কমিশন তা স্থগিত ঘোষণা করে। এ নির্বাচন নিয়ে উপজেলার আউচপাড়ায় পুলিশ, আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। তখন পুলিশের গুলিতে চারজন নিহত হন।

নাম প্রকাশ না করার শর্তে সাতজন চেয়ারম্যান প্রার্থী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, সরকারদলীয় প্রার্থীদের সমর্থকেরা বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছেন। তাঁদের সমর্থক, ভোটারদের কেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হচ্ছে। নৌকা প্রতীকে ভোট দিতে বলা হচ্ছে।

গোয়ালকান্দি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুস সালাম অভিযোগ করেন, তাঁর লোকজনকে প্রতিনিয়ত হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী আলমগীর হোসেন সরকারের লোকজন এই ভয়ভীতি অব্যাহত রেখেছেন। গত শনিবার তাঁর দুই কর্মীকে অপহরণ, মারপিট করা ছাড়াও একটি নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসা হচ্ছে ভোটকেন্দ্রে যেন না যাওয়া হয়। এসব বিষয় পুলিশকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

তবে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, অপহরণের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও গতকাল রোববার পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে শনিবার রাতে একই ইউনিয়নের তালতলি বাজারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দুই হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন থানার পরিদর্শক আসাদুজ্জামান।

গণিপুর ইউপির বিএনপির প্রার্থী মনিরুজ্জামান অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের প্রার্থীরা প্রকাশ্যে কেন্দ্র দখল এবং বিএনপির কর্মীদের কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিয়েছেন। ইউনিয়নের মোহনগঞ্জ বাজারে এক পথসভায় হুমকি দেওয়া হয়। এই বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া ওই পথসভায় উপস্থিত লোকজনের মধ্যে আট-সাতজন ব্যক্তি এই ধরনের হুমকির সত্যতা স্বীকার করেন।

হামিরকুৎসা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন বলেন, নৌকার প্রার্থীর সমর্থকেরা তাঁর কর্মীদের ওপর হামলা করা ছাড়াও ভয়ভীতি দেখাচ্ছেন। তিনি এসব বিষয়ে থানায় অভিযোগ করলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এতে তাঁর এলাকার ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছেন।

তবে আওয়ামী লীগের প্রার্থী আলমগীর হোসেন, এনামুল হক ও সাফিনুর নাহার এসব অভিযোগ অস্বীকার করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।