লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে রায়পুর উপজেলায় সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে সদস্য পদপ্রার্থী ও ভোটাররা আশঙ্কা প্রকাশ করেছেন। এ নিয়ে একজন প্রার্থী গত বুধবার জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন। রায়পুর থানা-পুলিশও তিনটি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।
আগামী বুধবার সারা দেশে জেলা পরিষদ নির্বাচন হবে। রায়পুর উপজেলার তিনটি ওয়ার্ডে সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা।
ওই তিন ওয়ার্ডের আটজন ভোটার বলেন, নির্বাচন নিয়ে তাঁরা আতঙ্কিত। ‘বিশেষ’ প্রার্থীদের প্রতীকে প্রকাশ্যে ব্যালটে সিল মারতে হবে বলে প্রচার করা হচ্ছে। নির্বিঘ্নে ভোট দিতে পারা যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
৪ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মঞ্জুর হোসেন। সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুর রহমানের পক্ষে ভোটারদের টাকা দেওয়া হচ্ছে। ব্যালট নিয়ে প্রকাশ্যে সিল মারা হবে বলে প্রচার করা হচ্ছে। এতে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা রয়েছে।