চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া, চরম্বা, কলাউজান, পুটিবিলা, চুনতি ও বড়হাতিয়া—এই ছয় ইউপিতে আজ শনিবার ভোট। তবে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে বিএনপি, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ ও স্বতন্ত্র প্রার্থীরা শঙ্কা প্রকাশ করেছেন। ভোটের দিন প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে কি না, এ নিয়ে সংশয় রয়েছে তাঁদের।
পদুয়া ইউপিতে আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ও জহির উদ্দিন বলেন, অনেক হুমকি-ধমকি উপেক্ষা করে তাঁরা নির্বাচন করছেন। তাঁদের পক্ষে প্রচারণা অংশ নেওয়ায় কর্মীদের মিথ্যা মামলায় জড়ানোসহ নানা ভয়ভীতি দেখানো হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।
তবে পদুয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আবছার আহমদ বলেন, তাঁর নেতা-কর্মীরা অন্য কোনো প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি দেখাননি।
পদুয়া ইউপিতে বিএনপির প্রার্থী জসীম উদ্দিন এবং চুনতি ইউপিতে বিএনপির প্রার্থী নূর মোহাম্মদ আশঙ্কা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের কর্মীরা ভোটকেন্দ্র দখল করতে পারেন।
কলাউজান ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. সাহাবউদ্দিন বলেন, সুষ্ঠু ভোটে পরাজিত হলে কারও আপত্তি থাকবে না।
লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আল মামুন বলেন, সব দলের প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে প্রশাসন।