সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা বিএনপির পাঁচ প্রার্থীর
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে বিএনপির পাঁচ প্রার্থী শঙ্কা প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, এক সপ্তাহ ধরে আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থকেরা পাঁচটি ইউপিতে মোটরসাইকেল মহড়া দিচ্ছেন।
বিএনপির প্রার্থীরা অভিযোগ করেন, আতঙ্ক সৃষ্টি করতে আওয়ামী লীগের সমর্থকেরা গ্রামে গ্রামে মহড়া দিয়েছেন ও মিছিল করেছেন। তাঁদের দলের নেতা-কর্মীদের নানাভাবে হুমকি ও ভয় দেখানো হচ্ছে। এতে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাহার বলেন, ভাদুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থীদের লোকজন মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে। গত শনিবার ভাদুরের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হাসান ওরফে রাজনের বাড়িতে হামলা চালিয়ে ঘর ভাঙচুর করা হয়। গত রোববার ভাঙচুর করা হয় দরবেশপুরের প্রার্থী রুহুল আমিনের তিনটি মাইক। এ সময় পাঁচ কর্মীকে পিটিয়ে আহত করা হয়। ভোলাকোট ও ভাট্রা ইউপিতে প্রতিদিন ২০-৩০ জন যুবক মহড়া দেন। এ সময় তাঁরা বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেন।
দরবেশপুর ইউপির বিএনপির প্রার্থী রুহুল আমিন ও ভাদুরের রিয়াজুল হাসান বলেন, আচরণবিধি লঙ্ঘন করে প্রতিদিন মোটরসাইকেল মহড়া দেওয়ায় তাঁরা শঙ্কিত। সাধারণ ভোটাররা নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিতভাবে অবহিত করা হয়েছে।
নোয়াগাঁও ইউপিতে বিএনপির প্রার্থী বিল্লাল হোসেন পাটোয়ারী বলেন, তিনি আওয়ামী লীগের প্রার্থীর লোকজনের হুমকি-ধমকির কারণে প্রচারণা চালাতে পারছেন না। পোস্টারও লাগাতে পারছেন না।
ভাদুর ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম ও দরবেশপুরের মিজানুর রহমান বলেন, কোথাও মোটরসাইকেল মহড়া দেওয়া হয়নি। হামলা ও ভাঙচুরের অভিযোগও ঠিক নয়। বিএনপির প্রার্থীরা মিথ্যাচার করছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন বলেন, বিএনপির প্রার্থীদের অভিযোগ বানোয়াট। পরাজয় নিশ্চিত জেনেই তাঁরা এসব মিথ্যা অভিযোগ করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল হক মজুমদার বলেন, বিএনপির কয়েকজন প্রার্থী মৌখিকভাবে অভিযোগ করেছেন। কোনো প্রার্থীর হয়ে মোটরসাইকেল মহড়া দেওয়া বা মিছিল করা আচরণবিধির লঙ্ঘন। তা ছাড়া এসব অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কয়েকজন প্রার্থীকে জরিমানাও করেছেন।