গোলযোগের কারণে স্থগিত হওয়া কুমিল্লার বরুড়া উপজেলার ৬ নম্বর চিতড্ডা ইউনিয়নের দুটি কেন্দ্রের ভোটগ্রহণ ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বিএনপি-দলীয় চেয়ারম্যান প্রার্থী মো. ওমর ফারুক এগিয়ে আছেন। তবে কেন্দ্র দখল ও ভোট কারচুপির কারণে তিনি বিজয়ী হতে পারবেন না বলে আশঙ্কা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রার্থী ৩ হাজার ১৪২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী পাঁচ চেয়ারম্যান পদপ্রার্থীর ভোট যথাক্রমে ২,৩২২, ৭২৩, ৬২৬, ২৪৪ ও ১৬। এর মধ্যে আওয়ামী লীগ-দলীয় চেয়ারম্যান প্রার্থী মো. রেজাউল করিমের ভোট ৬২৬।
বরুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩১ মার্চ দ্বিতীয় ধাপে চিতড্ডা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নয়টির মধ্যে দুটি কেন্দ্রে হাঙ্গামার কারণে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয় এ ইউনিয়নে নির্বাচনের তারিখ ঘোষণা করে। এরপরই একটি অংশ নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য মরিয়া হয়ে ওঠে।
অভিযোগ উঠেছে, বরুড়া উপজেলা আওয়ামী লীগের একটি অংশ দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. সিরাজুল ইসলামকে জেতানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের বড় একটি অংশ চায় বর্তমান চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী মো. মনিরুজ্জামানকে জয়ী করতে। এ নিয়ে দলের বিবদমান পক্ষগুলো কয়েক দফা বৈঠক করেও একমত হতে পারেনি।
বিএনপি-দলীয় প্রার্থী মো. ওমর ফারুক বলেন, ‘সুষ্ঠু নির্বাচন চাই। কোনো ধরনের অনিয়ম করে যেন কেউ ভোট নিতে না পারে, সে ব্যবস্থা প্রশাসনকে করতে হবে।’
কুমিল্লার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, স্থগিত দুটি কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ হাজার ৩৪৫। এর মধ্যে মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ১ হাজার ৯৫৬ এবং ভংগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ১ হাজার ৩৮৯টি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। নির্বাচন সুষ্ঠু হবে। কোনো ধরনের হাঙ্গামা বরদাশত করা হবে না।’