ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটাররা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১০টি ইউপিতে ২৮ মে ভোট নেওয়া হবে। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু হওয়ার আগেই এক সপ্তাহ ধরে বিভিন্ন ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে একের পর এক সংঘর্ষ হচ্ছে।
গত বৃহস্পতিবার পিরোজপুর ইউপির নির্বাচনী গণসংযোগ করার সময় বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম ও তাঁর সমর্থকদের ওপর হামলার ঘটনায় ১৫ জন আহত হন।
গত শুক্রবার বৈদ্যেরবাজার ইউপির স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাহবুব হোসেন সরকার ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আল-আমিন সরকারের সমর্থকেরা। এতে ১১ জন আহত হন। একই দিনে নোয়াগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দেওয়ান উদ্দিনের সমর্থকদের ওপর হামলা চালিয়ে নৌকা প্রতীক পুড়িয়ে দেন স্বতন্ত্র প্রার্থী ইউসুফ দেওয়ানের সমর্থকেরা। পরে দেওয়ান উদ্দিনের সমর্থকেরা পাল্টা হামলা চালান ইউসুফ দেওয়ানসহ তাঁর সমর্থকদের ওপর। এ ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হন।
গত শুক্রবার পিরোজপুর ইউনিয়নে দ্বিতীয়বারের মতো হামলার শিকার হন বিএনপির প্রার্থী রফিকুল ইসলামের সমর্থকেরা। এ ছাড়া বৃহস্পতিবার বারদি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেনের সমর্থকদের ওপর হামলা করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জহিরুল ইসলামের সমর্থকেরা। তা ছাড়া প্রতিদিনই উপজেলার ১০টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া লেগেই আছে।
গতকাল শনিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে কথা হয় ভোটার ও প্রার্থীদের সঙ্গে। নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দি গ্রামের ভোটার নয়ন মিয়া বলেন, ‘নির্বাচনের ১৩ দিন বাকি থাকতেই উপজেলার বিভিন্ন স্থানে যেভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে, তাতে আমরা ভোটকেন্দ্রে যেতে পারব কি না, এ নিয়ে চিন্তায় পড়েছি।’
নোয়াগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দেওয়ান উদ্দিন বলেন, দলের একাংশের নেতারা বিদ্রোহী প্রার্থীর পক্ষ নিয়ে বিভিন্ন স্থানে নৌকা প্রতীক আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন। প্রতিদিনই এ এলাকায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।
বৈদ্যেরবাজার ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মাহবুব সরকার বলেন, ‘যেভাবে আমার কর্মীদের ওপর হামলা হচ্ছে, তাতে ভোট সুষ্ঠু হবে না বলে আমরা বুঝতে পারছি।’
এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে হামলার ঘটনা ঘটলেও পুলিশ এখন পর্যন্ত দায়ী কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের গতকাল শনিবার রাতে প্রথম আলোকে বলেন, নির্বাচনী সহিংসতার ঘটনায় গত শুক্রবার তিনটি মামলা হয়েছে। আসামিদের খুঁজে না পাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।