সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টির দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ জুলাই বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা-ভয়ভীতি প্রদর্শনের প্রতিকার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছে বিএনপি।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বরিশাল নগরের সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মেহেন্দিগঞ্জ উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ধানের শীষের চেয়ারম্যান প্রার্থীরা যেখানেই প্রচার-প্রচারণায় যাচ্ছেন, সেখানেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালাচ্ছেন। বিএনপির প্রার্থীদের বাড়িঘরে হামলা করছেন ও পোস্টার ছিঁড়ে ফেলছেন। প্রশাসনকে এসব বিষয়ে অবহিত করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় ১৩ জুলাই মেহেন্দিগঞ্জের ৭ ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু হবে না বলে বিএনপি আশঙ্কা করছে।

উপজেলার আন্ধারমানিক ইউপির বিএনপিদলীয় চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা কোনোভাবেই প্রচারণা চালাতে দিচ্ছেন না। এ ব্যাপারে গতকাল জেলা প্রশাসক, র‍্যাব, থানা-পুলিশ, নির্বাচন কমিশনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। পাশের ইউনিয়নে নির্বাচন না থাকায় এ ইউনিয়নের ৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে দাবি করেন তিনি। তাই কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে না।

সংবাদ সম্মেলনে মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সভাপতি জিয়া উদ্দিন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, ছাত্রদলের আহ্বায়ক ছালাউদ্দিন এবং ৭ ইউপির চেয়ারম্যান প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

সাবেক সাংসদ মেজবাহউদ্দিন বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। তাদের ভোটাররা ১৩ জুলাই ভোট দিতে যাবেন। ভোটাররা নিজের ভোট নিজে দিতে না পারলে দলীয়ভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হালিম খান প্রথম আলোকে বলেন, ‘বিএনপির প্রার্থীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। এরপর ব্যবস্থা নিতে উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। ১৩ জুলাইয়ের নির্বাচন সুষ্ঠু হবে। সে লক্ষ্যে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

১৩ জুলাই মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক, লতা, চরএককরিয়া, জয়নগর, গোবিন্দপুর, আলীমাবাদ ও শ্রীপুর ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।