রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ, অব্যবস্থাপনা রোধ, দুর্নীতি বন্ধ ও সুষ্ঠু চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ ১৩ দফা দাবিতে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ রায়হান স্মারকলিপি গ্রহণ করেন।
এর আগে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতা-কর্মীরা নগরের কোর্ট শহীদ মিনার চত্বরে জমায়েত হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা ইন্টার্ন চিকিৎসকদের তাণ্ডব, অব্যবস্থাপনা, দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেন। মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক জামাত খান।
স্মারকলিপি দেওয়ার পর পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান সাংবাদিকদের বলেন, দালাল চক্রের কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা ভেঙে পড়েছে। চিকিৎসার নামে ইন্টার্ন চিকিৎসকেরা রোগীদের সঙ্গে চরম দুর্ব্যবহার করছেন। চিকিৎসায় অবহেলার ব্যাপারে সামান্য প্রতিবাদ করলেই রোগীর স্বজনদের ওপর হামলা, নির্যাতন এমনকি পুলিশে সোপর্দ করার ঘটনাও ঘটেছে।
পরিষদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে হাসপাতালে চিকিৎসার মান বৃদ্ধি, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, মানুষের আয়ের সঙ্গে সংগতি রেখে চিকিৎসা ফি নির্ধারণ এবং রোগীর ব্যবস্থাপত্রে অযথা অখ্যাত কোম্পানির ওষুধ লেখা, ওষুধ চুরি ও অবৈধ ক্লিনিক প্যাথলজি বন্ধ করা। এ ছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে কর্তব্যরত রেজিস্ট্রার ও চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা, ওষুধের তালিকা টানানো ও হাসপাতালের অবকাঠামো সম্প্রসারণেরও দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি দেওয়ার সময় অন্যদের মধ্যে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, পবা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল মালেক, আইনজীবী অংকুর সেন, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনার রশিদ, রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির সহসভাপতি মহেষ চন্দ্র, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক পরিচালক এম শরিফ, নারী উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা বেগম ও ভাইস প্রেসিডেন্ট শাহীনা বেগম উপস্থিত ছিলেন।