সরকার ও আওয়ামী লীগের জন্য বর্তমান সময়টাকে এযাবৎকালের সেরা সময় মনে করছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করারও সেরা সময় মনে করা হচ্ছে এখনই। এর অংশ হিসেবে দলের সাংসদদের নিজ নিজ এলাকায় জনমানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও দ্বন্দ্ব মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান। দলীয় কোন্দল নিরসনে কেন্দ্রীয় নেতারা বিভিন্ন এলাকায় কর্মিসভা করছেন।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের বড় দুশ্চিন্তা অভ্যন্তরীণ কোন্দল। আর একটি সমস্যা হচ্ছে জনমানুষের সঙ্গে দলের সাংসদদের দূরত্ব। এ জন্য আওয়ামী লীগ ঘর গোছানোর সর্বাত্মক চেষ্টা করছে। বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে—এটা ধরে নিয়েই দলকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, দলীয় সভাপতি শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে খুবই তৎপর হয়েছেন। দলের প্রতিটি ফোরামে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিচ্ছেন। দলীয় প্রধান এর আগে ছয় মাস পরপর সাংসদদের অবস্থা এবং দুর্বল আসনগুলোতে বিকল্প কী হতে পারে, তা দেখার জন্য জরিপ করিয়েছেন। এখন তিন মাস পরপর এ জরিপ করানো হবে। সাম্প্রতিক জরিপগুলোতে মাঠপর্যায়ে দলের কোন্দল এবং সাংসদদের সঙ্গে জনমানুষের দূরত্বের বিষয়টি উঠে এসেছে।
আওয়ামী লীগের আরেকজন জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগের যত সুসময়ই থাকুক না কেন, একটা জিনিস মনে রাখতে হবে, বর্তমান সাংসদদের মধ্যে ১২৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। অর্ধশতাধিক সাংসদ রাজনীতিতে নতুন কিংবা পারিবারিক উত্তরাধিকার থেকে সাংসদ হয়েছেন। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হলে কার অবস্থা কেমন হতে পারে, সেটা এখনো পরিষ্কার নয়। এ জন্যই দলীয় প্রধান শেখ হাসিনা সাংসদদের জনমানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে নির্দেশ দিয়েছেন।
গত বৃহস্পতিবার সংসদ ভবনে সরকারি দলের বৈঠক কক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক হয়। দলীয় প্রধান শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। একাধিক নেতা জানান, বৈঠকে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ও সরকারের জনপ্রিয়তা বহাল আছে। উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সরকারের জনপ্রিয়তাই শেষ কথা নয়। সাংসদদের নিজ নিজ এলাকায় দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে হবে। জনমানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। প্রত্যেকের বিষয়ে জরিপ আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সামনে আরও জরিপ করা হবে। মনোনয়ন দেওয়া হবে জনপ্রিয়তার ভিত্তিতে।
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদকের পদ ফাঁকা ছিল। বৃহস্পতিবারের বৈঠকে সাংসদ নূরে আলম চৌধুরীকে (লিটন চৌধুরী) সংসদীয় দলের সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী নির্বাচন সামনে রেখে এটা করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ওই বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছিলেন না।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান প্রথম আলোকে বলেন, দলীয় প্রধান তাঁদের বেশি বেশি মানুষের কাছে যেতে বলেছেন। দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যাঁদের সঙ্গে জনগণের দূরত্ব রয়েছে, তাঁদের মনোনয়ন দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ এখন খুব ভালো অবস্থায় আছে। এটার পেছনে মূল কারণ সরকার ভালো কাজ করছে।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল নিরসনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য কেন্দ্রীয় নেতারা সারা দেশে কর্মিসভা ও সমাবেশ করছেন। ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সভা-সমাবেশ হয়েছে। গতকাল শনিবার ঢাকা জেলার দোহারে কর্মী সমাবেশ করেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী নিজেও সরকারি কর্মসূচির পাশাপাশি বিভিন্ন জেলায় রাজনৈতিক সমাবেশ করবেন। তিনি আজ রোববার বগুড়ার সান্তাহারে সমাবেশে যোগ দেবেন। নির্বাচন সামনে রেখে সহযোগী সংগঠনগুলোর সম্মেলন করার উদ্যোগও নেওয়া হয়েছে।
আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও সাংসদ আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, বিএনপি নির্বাচনে আসবে এটা মোটামুটি নিশ্চিত। প্রতিদ্বন্দ্বিতাও হবে। তাই সরকার গত আট বছরে যেসব উন্নয়ন করেছে, সেগুলো জনগণকে বারবার মনে করিয়ে দিতে বলেছেন দলীয় প্রধান। আর নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত মিটিয়ে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন।
বর্তমান সময়টাকে সেরা সময় মনে করার কারণ সম্পর্কে দায়িত্বশীল সূত্রগুলো জানায়, বিনা বাধায় ‘পছন্দের’ নির্বাচন কমিশন গঠিত হওয়ার ফলে এমনিতেই আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা স্বস্তিতে আছেন। কানাডার আদালত থেকে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের মামলা খারিজ হওয়ার বিষয়টি বড় খবর হয়ে আসে সরকারের জন্য।
আওয়ামী লীগের সূত্রগুলো আরও জানায়, রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি এখন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা নিয়ে ব্যাপক চাপে আছে। বিএনপিকে এখন আর শক্ত প্রতিপক্ষ মনে করছে না আওয়ামী লীগ। যদিও ভোটের মাঠে বিএনপিই হবে প্রধান প্রতিদ্বন্দ্বী। এ জন্য বিএনপিকে চাপে রাখার প্রতিটি উপলক্ষ রাজনৈতিকভাবে কাজে লাগাবে সরকারি দল।
আওয়ামী লীগের দায়িত্বশীল একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, জামায়াতে ইসলামী ও অন্য ইসলামি শক্তিগুলোর শক্তিমত্তা নিয়ে আওয়ামী লীগ বরাবরই দ্বিধাগ্রস্ত ছিল। এরই মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার ও মূল নেতাদের সাজা কার্যকর হওয়ায় জামায়াত বেশ কোণঠাসা হয়ে পড়েছে। মতিঝিলে অভিযান চালিয়ে হেফাজতে ইসলামকে ছত্রভঙ্গ করে দেওয়ার পর ইসলামি অন্য শক্তিগুলোও এখন সরকারের অনেকটা নিয়ন্ত্রণে আছে। ধর্মভিত্তিক দল ও সংগঠনগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে না জড়ানোর কৌশল নিয়ে চলছে সরকার।
ওই নেতা আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশে নির্বাচন সামনে রেখে জাতীয়তাবাদী শক্তির উত্থানে বাংলাদেশের ওপর পশ্চিমাদের নজর কিছুটা কমে গেছে বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা। এটাও সরকারের জন্য স্বস্তির বিষয়।