সুসময়ের অপেক্ষায় জামায়াত
‘এখন একটি ক্রান্তিকাল চলছে। তবে সংগঠনের অবস্থা ভালো আছে। সাংগঠনিক কাঠামো আরও মজবুত ও জনমত গঠনের কাজ চলছে। সহায়ক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হলে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা আবার মাঠে নামবে।’ বলছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন। তিনি দলের ফরিদপুর অঞ্চলের সমন্বয়ের দায়িত্বে আছেন।
জামায়াতের সাংগঠনিক অবস্থা ও পরিকল্পনা সম্পর্কে জানতে সম্প্রতি দলটির এই কেন্দ্রীয় নেতাসহ ফরিদপুর জেলার আবদুস তাওয়াব, নায়েবে আমির মো.খালেছ, জেলা সেক্রেটারি মো. বদরুদ্দিন, পৌর আমির ইমতিয়াজ উদ্দীনসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা জানান, জামায়াতের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ দুই নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও আবদুল কাদের মোল্লার বাড়ি ফরিদপুর সদরে। যুদ্ধাপরাধের দায়ে তাঁদের ফাঁসি হওয়ার পর এই জেলায় জামায়াতের রাজনীতিতে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। তা ছাড়া প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রেও প্রশাসনিক বাধার সম্মুখীন হতে হচ্ছে। সব মিলিয়েই জামায়াত এখন ক্রান্তিকাল পার করছে।
দলটির এসব নেতা বলেন, সারা দেশের মতোই ফরিদপুরেও জামায়াত প্রশাসনের চাপের মধ্যে রয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পরে এ জেলায় তাঁদের শতাধিক কর্মীর বিরুদ্ধে ২৮ রকমের অভিযোগে মামলা দেওয়া হয়েছে। এখন নতুন করে মামলা দেওয়া না হলেও তাঁদের প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না। বছর খানেক ধরে তাঁরা ঘরোয়া রাজনীতির মতো তাঁদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। ৫ জুন তাঁরা জেলা কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন। সেখানেও পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে।
জামায়াত নেতারা জানান, ২০১৪ সালের পরে ফরিদপুরে চারদলীয় জোটের সঙ্গে জামায়াত কোনো কর্মসূচি পালন করেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তাঁরা বলেন, জোটে থাকলেও জামায়াত একটি আলাদা সত্তা। সে কারণে আগামী সংসদ নির্বাচনে জোটের সঙ্গে যদি তাঁরা অংশ নেন, তাহলে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ গ্রহণ করবেন না। অন্য কোনো প্রতীকে নির্বাচন করবেন। যদিও তাঁদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এখন আর তাঁরা ব্যবহার করতে পারবেন না, তবে প্রতীক কোনো সমস্যা হবে না বলেই তাঁরা মনে করেন।
এখানকার জামায়াত নেতাদের দাবি, তাঁদের প্রতি জনসমর্থন আছে। গত উপজেলা পরিষদ নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। সারা দেশে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাঁদের ২০৪ জন প্রার্থী জিতেছে। এসব নেতা বলেন, এখন পরিস্থিতি প্রতিকূল। স্বাধীনতার পরে এমন প্রতিকূল অবস্থায় তাঁদের পড়তে হয়নি। তাঁরা এখন নীরবে গণসংযোগ করার ভেতর দিয়ে প্রতিকূলতা অতিক্রমের চেষ্টা করছেন এবং অনুকূল সময়ের অপেক্ষায় আছেন।