সেই চিত্তরঞ্জন দাসকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার
শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে চিত্তরঞ্জন দাসকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। কেন তাঁকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে জবাব দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে তাঁকে।
সম্প্রতি একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলা করেন এক নারী। এতে ওই নারী তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন। গত সোমবার ওই মামলায় তিনি জামিন পান। চিত্তরঞ্জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও।
আজ বুধবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চিত্তরঞ্জনকে সাময়িক বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ক ও ঙ উপধারা মোতাবেক তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। এসব ধারায় আওয়ামী লীগের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য ও সংগঠনের স্বার্থবিরোধী কার্যকলাপের দায়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় চিত্তরঞ্জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে মহানগর আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে।