সেই পুরোনোদেরই আধিপত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার কথা বলা হলেও জেলা কাউন্সিলে ঘুরেফিরে পুরোনোরাই বহাল থাকছেন। এখন পর্যন্ত কাউন্সিল হওয়া ২১টি জেলার মধ্যে একটি জেলায়ও সভাপতি এবং সাধারণ সম্পাদক উভয় পদে নতুন মুখ আসেনি।
খোঁজ নিয়ে জানা যায়, আট জেলায় সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় পদে পুরোনো নেতৃত্বই বহাল আছে। অপর ১৫ জেলার মধ্যে ছয়টিতে সভাপতি পদে নতুন মুখ এসেছে। চারটিতে সাবেক সাধারণ সম্পাদকেরা সভাপতির দায়িত্ব নিয়েছেন। অন্যগুলোয় পুরোনোরাই সভাপতি আছেন। আর সাধারণ সম্পাদক পদে সাত জেলায় নতুন মুখ এসেছে। বাকি আটটিতে পুরোনোরাই দায়িত্ব পেয়েছেন। ফলে দলের তৃণমূল নেতৃত্বে কোনো পরিবর্তন হয়নি।
সম্প্রতি আওয়ামী লীগে বেশ জোরেশোরে জেলা, উপজেলাসহ তৃণমূল কমিটিগুলোর কাউন্সিল শুরু হয়েছে। আগামী ডিসেম্বর-জানুয়ারি মধ্যে ৭৩টি জেলা কমিটির কাউন্সিল শেষ করার লক্ষ্য নির্ধারণ করে দলীয় নেতারা মাঠে নেমেছেন। কোনো জেলায় দেড় যুগ, কোথাও এক যুগ, আবার কোথাও সাত থেকে ১০ বছর পর দলীয় কাউন্সিল হচ্ছে।
উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক পদে সাংসদ নন
গত শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলীয় সাংসদদের উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দিয়ে বলেন, এসব পদে দলের ত্যাগী নেতাদের দায়িত্ব দিতে হবে। সাংসদ এবং দলীয় সাংগঠনিক পদ একসঙ্গে কাউকে না দেওয়ার জন্য তিনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেন।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে আলোচনা হয়, স্থানীয় সাংসদেরা প্রভাব খাটিয়ে সভাপতি-সম্পাদক পদও বাগিয়ে নিতে চাচ্ছেন। বৈঠকে তৃণমূলের কাউন্সিল দ্রুত শেষ করারও সিদ্ধান্ত হয়।
গত অক্টোবরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ডিসেম্বরের মধ্যে তৃণমুলের সব কাউন্সিল শেষ করার জন্য সারা দেশের তৃণমূল নেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন। সুষ্ঠুভাবে কাউন্সিল সম্পন্ন করার জন্য জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আটটি দল গঠন করে দেওয়া হয়। আওয়ামী লীগের গঠনতন্ত্রে তিন বছর পর পর সব পর্যায়ের কমিটির কাউন্সিল করার সাংগঠনিক বিধান রয়েছে। কেন্দ্রীয় পর্যায়ে এ বিধান মানলেও তৃণমূলে তা অনুসরণ করা হয় না বললেই চলে।
ঘুরে ফিরে পুরোনোদেরই আধিপত্য: খোঁজ নিয়ে দেখা যায়, বছরের পর বছর নেতৃত্বে থেকে যেসব জেলার সভাপতি বা সাধারণ সম্পাদকদের বিরুদ্ধে সংগঠনকে জনবিচ্ছিন্ন করার অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে কাউন্সিলরদের ভোটে অথবা সমঝোতার নামে আবার তাঁরাই পুননির্বাচিত হচ্ছেন। এ পর্যন্ত ২১টি জেলার কাউন্সিলে কোথাও সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দুই পদে একসঙ্গে নতুন মুখ আসেনি। আবার কোথাও সভাপতি নতুন হলে সাধারণ সম্পাদক পদে পুরোনো কিংবা সাধারণ সম্পাদক নতুন হলে সভাপতি পদে পুরোনোরাই থাকছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুজন সদস্য এ বিষয়ে প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের নেতাদের মৃত্যু পর্যন্ত পদে থাকার প্রবণতা আছে। আবার অন্যরাও পদে আসার জন্য মুখিয়ে আছেন। তা ছাড়া সরকারি দল বলে পদ-পদবী প্রত্যাশী নেতাদেরও কমতি নেই। এ পরিস্থিতিতে নতুন কমিটি করা দুরূহ ব্যাপার।
তবে কয়েকজন সাংগঠনিক সম্পাদক বলেন, জেলা ও মহানগর কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক পদে তেমন পরিবর্তন না এলেও পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে অন্যান্য পদে নতুনদের প্রাধান্য দেওয়া হবে।
সারা দেশের জেলা কাউন্সিল সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, ২১টি জেলার কাউন্সিলে কোথাও তৃণমূলের ভোটে আবার কোথাও সমঝোতার ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। জেলাগুলো হলো: মুন্সিগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, জয়পুরহাট, রাজশাহী মহানগর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, বরিশাল মহানগর, খুলনা মহানগর, হবিগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম (উত্তর), চট্টগ্রাম (দক্ষিণ), খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, ফেনী ও কুষ্টিয়া।
এর মধ্যে মুন্সিগঞ্জ, দিনাজপুর, লালমনিরহাট, জয়পুরহাট, বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী এবং খুলনা মহানগরে পুরোনো সভাপতি এবং সাধারণ সম্পাদকেরাই বহাল আছেন। ঠাকুরগাঁও জেলায় ভোটাভুটিতে সাবেক সভাপতি এবং পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন পরাজিত হয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদে সাদেক কোরাইশি আবারও দায়িত্ব পেয়েছেন। কুড়িগ্রামে আমিনুল ইসলাম সভাপতি পদে নতুন এসেছেন। সাধারণ সম্পাদক পদে জাফর আলী পুনর্বহাল হয়েছেন। রাজশাহী মহানগরে সাবেক সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সভাপতি হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ডাবলু সরকার নতুন এসেছেন। বরিশাল জেলায় সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসানাত আবদুল্লাহ সভাপতি হয়েছেন। সম্পাদক পদে তালুকদার মো. ইউনুস নতুন মুখ। হবিগঞ্জে সাবেক সম্পাদক আবু জাহির সভাপতি হয়েছেন। সম্পাদক পদে আবদুল মজিদ খান নতুন এসেছেন।
চট্টগ্রাম উত্তরে সভাপতি পদে নুরুল আলম চৌধুরী নতুন এলেও সাধারণ সম্পাদক পদে আবদুস সালাম পুনর্বহাল হয়েছেন। চট্টগ্রাম দক্ষিণে সাবেক সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ সভাপতি হয়েছেন। সম্পাদক পদে মফিজউদ্দিন নতুন দায়িত্ব পেয়েছেন। খাগড়াছড়ি জেলায় কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রথমবারের মতো সভাপতি হয়েছেন। তবে আগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম একই পদে রয়েছেন। রাঙামাটি জেলায় সভাপতি পদে দীপঙ্কর তালুকদার আবারও দায়িত্ব পেয়েছেন। সম্পাদক মুছা মিয়া নতুন এসেছেন। বান্দরবানে ক্য শ্যৈ হ্লা নতুন সভাপতি হয়েছেন। সম্পাদক পদে কাজী মুজিবুর রহমান আবার দায়িত্ব পেয়েছেন। ফেনী জেলায় সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান সভাপতি হয়েছেন। নিজাম উদ্দিন হাজারী সাধারণ সম্পাদক হয়েছেন। কুষ্টিয়া জেলায় সদর উদ্দিন খান নতুন সভাপতি হলেও সাধারণ সম্পাদক পদে আজগর আলীকে পুনর্বহাল করা হয়েছে।
জেলা কাউন্সিল সম্পর্কে জানতে চাইলে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, দীর্ঘদিন সক্রিয় থেকে প্রতিষ্ঠিত রাজনীতিক হিসেবে গড়ে তুলেই একজন নেতা জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক হন। পোড়খাওয়া এসব নেতাদের হঠাৎ করে বাদ দেওয়া যায় না।
রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কোথাও কেন্দ্র থেকে নেতৃত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে না। অধিকাংশ জেলায় সভাপতি ও সম্পাদক পদে তেমন পরিবর্তন না এলেও পূর্ণাঙ্গ কমিটিতে সুবিধাভোগী এবং ব্যর্থ নেতাদের বাদ দিয়ে ত্যাগীদের স্থান করে দেওয়া হবে।