সেই ভয়াবহ দুঃসংবাদ

ব্রাসেলসে রাষ্ট্রদূতের বাসভবনে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াবহ দুঃসংবাদটি পেলেন শেখ হাসিনা। প্রবাসে ছয় বছর দুঃসহ সময় কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন তিনি। দুঃসংবাদ পাওয়ার পরের ঘটনা নিয়ে লিখেছেন সরাফ আহমেদ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৮১ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে শেখ হাসিনা
ছবি: কাজী রওনাক হোসেন

ডেটলাইন ১৯৭৫ সালের ১৫ আগস্ট, শুক্রবার। ঢাকার ধানমন্ডির বাড়িতে ভোরে সপরিবার নিহত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জনকের মৃত্যুতে স্তম্ভিত জাতি। বেতার সম্প্রচারে কিছু সময়ের মধ্যেই খবরটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিস্মিত সারা দুনিয়া। এদিকে বঙ্গবন্ধুকন্যাদের চোখের সামনেও মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট। শেখ হাসিনা, শেখ রেহানা, ওয়াজেদ মিয়া, শিশু জয় ও পুতুল ১৪ আগস্ট রাতে অতিথি হিসেবে ছিলেন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রাষ্ট্রদূত সানাউল হকের বাসভবনে। সেখানেই জার্মানির (তখন পশ্চিম জার্মানি) বন থেকে রাষ্ট্রদূত হুমায়ুন রশীদ চৌধুরীর ফোনের মাধ্যমে তাঁদের কাছে পৌঁছাল এই দুঃসংবাদ—দেশে সংঘটিত হয়েছে এক সেনা অভ্যুত্থান। বঙ্গবন্ধু আর নেই। তাঁর পরিবারের অন্য সদস্যদের ভাগ্যে কী ঘটেছে, তা তখনো অস্পষ্ট। বঙ্গবন্ধু নেই—এ খবর অবশ্য শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেওয়া হয়নি। এরপরও শেখ হাসিনা আর শেখ রেহানা কাঁদছিলেন। ব্রাসেলসে যাঁর বাসায় তাঁরা অবস্থান করছিলেন, সেই রাষ্ট্রদূত সানাউল হক বদলে গেলেন মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। সকাল থেকেই দুই বোনকে ছাড়তে হলো তাঁর বাসভবন। সীমান্ত পেরিয়ে যেতে হলো বনে, হুমায়ুন রশীদ চৌধুরীর আশ্রয়ে।

শেখ হাসিনারা জার্মানির সীমান্ত শহর আখেন থেকে ৯৫ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে বেলা তিনটা নাগাদ বনে এসে পৌঁছান। তার একটু আগেই ড. কামাল হোসেন বনে এসে পৌঁছেছিলেন। শেখ হাসিনারা পৌঁছানোর পর, ড. কামাল হোসেনকে নিয়ে হুমায়ুন রশীদ চৌধুরী তাঁর কোয়েনিগসভিন্টারের বাসায় পৌঁছানোর পর সবাই ভিলা বাড়ির আঙিনায় বেরিয়ে আসেন। কান্নারত শেখ হাসিনা কামাল হোসেনকে দেখে তাঁকে জড়িয়ে ধরে বলেন, ‘চাচা, কী হয়ে গেল!’ এই সময় শেখ হাসিনার দুই ছেলেমেয়ে জয় আর পুতুলও কাঁদতে থাকে। এই মর্মস্পর্শী দৃশ্য দেখে উপস্থিত সবার চোখে জল আসে। হুমায়ুন রশীদ চৌধুরীর স্ত্রী মাহজাবিন চৌধুরী ও তারিক এ করিমের স্ত্রী নাগমা করিম শেখ হাসিনা ও শেখ রেহানাকে ধরাধরি করে বাড়ির ভেতরে নিয়ে যান। তারিক এ করিম এবং আমজাদুল হকও তখন সেখানে উপস্থিত ছিলেন। তাঁরাও কান্নারত শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেখে বিমর্ষ হয়ে পড়েন।

১৫ আগস্ট হত্যাকাণ্ড: প্রবাসে বঙ্গবন্ধুর দুই কন্যার দুঃসহ দিন বই থেকে নেওয়া

  • লেখক: সরাফ আহমেদ, প্রথমা প্রকাশন, ২০২১