সেই সাংসদকে দুঃখ প্রকাশ করতে বলেছেন কাদের
খুলনার পাইকগাছায় দলীয় নেতার বাড়ির চারপাশে দেয়াল তোলা আওয়ামী লীগের সাংসদ নূরুল হককে গতকাল বুধবার দলটির ধানমন্ডি কার্যালয়ে ডাকা হয়েছিল। এ সময় সংক্ষুব্ধ পরিবারের সদস্য ও সাংসদের দুই ছেলেও উপস্থিত ছিলেন।
এ সময় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে সাংসদ নূরুল হক বলেন, দলের সাধারণ সম্পাদকের কাছে তিনি তাঁর অবস্থান তুলে ধরেন। এখানে ভুল স্বীকার কিংবা দুঃখ প্রকাশের বিষয় নেই। দলের সাধারণ সম্পাদক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কিছু না করার পরামর্শ দিয়েছেন।
জানতে চাইলে মহিবুল হাসান চৌধুরী বলেন, দুই পক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। এখানে সাংসদ ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। সমস্যাটি মিটে গেছে। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বলেছেন দলের সাধারণ সম্পাদক।