জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের বাসায় রাজনীতিকদের মতবিনিময় অনুষ্ঠানে পুলিশের বাধার সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ। তিনি বলেন, সেখানে তাঁরা যা খুশি আলোচনা করতে পারেন, এটাতে আইনগত তো কোনো বাধা নেই। সেখানে পুলিশ যাবে কেন?
গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘দেশে অব্যাহত গুম-খুন-অপহরণ: শঙ্কিত নাগরিক সমাজ’ শীর্ষক এক আলোচনা সভায় মওদুদ আহমদ এই প্রশ্ন তোলেন। আদর্শ নাগরিক আন্দোলন নামের একটি সংগঠন এর আয়োজন করে।
মওদুদ আহমদ বলেন, ‘আমি তীব্র ভাষায় এর নিন্দা জানাই। এটার একমাত্র কারণ রাজনৈতিক নেতৃত্বের মাইন্ডসেট যে আমিই সবকিছু করব। আই অ্যাম দ্য স্টেট। আমরা এই কর্তৃত্ববাদের অবসান চাই।’
গত বৃহস্পতিবার রাতে উত্তরায় আ স ম আবদুর রবের বাসায় রাজনীতিক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, আবদুল কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্নাসহ কয়েকজন বৈঠকে বসলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। এ ঘটনার কথা উল্লেখ করে গতকালের আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগের কড়া সমালোচনা করেন।
আদর্শ নাগরিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী প্রমুখ।