ধামরাইয়ের সাংসদ এম এ মালেক গতকাল সোমবার সাভারে বংশী নদীর ওপর নির্মিত সেতুর উদ্বোধন করেন। এদিকে সাংসদ এককভাবে সেতু উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়ায় ও উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে সাবেক সাংসদ বেনজির আহমেদ পক্ষের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ধামরাই উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ধামরাইয়ের দক্ষিণাঞ্চলের সঙ্গে সাভারের সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার জন্য সুতিপাড়া-রোয়াইল-সাভার সড়কের ফোর্ডনগর এলাকায় প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে ২৫৮ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ চার মাস আগে শেষ হয়। আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও সেতুর ওপর দিয়ে যানবাহন ওজনসাধারণ চলাচল চার মাস আগেই শুরু হয়।
গতকাল বিকেলে সেতুর ধামরাই প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ এম এ মালেক। মূলত তিনিই এই অনুষ্ঠানের আয়োজন করেন বলে দলের একাধিক সূত্র থেকে জানা গেছে। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সেতুটি উদ্বোধন করবেন বলে পরিকল্পনা করা হয়েছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদার, সাভারের (ঢাকা-২০) সাংসদ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুর রহমান, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার পৌরসভার মেয়র আবদুল গনি, কাউন্সিলর নজরুল ইসলাম প্রমুখ।
তবে ধামরাইয়ের সাবেক সাংসদ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ধামরাই পৌর মেয়র ও ধামরাই পৌর আওয়ামী লীগেরসভাপতি গোলাম কবিরও আমন্ত্রণ পাননি বলে স্থানীয় কর্মীরা জানিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, সাংসদ মালেকের স্বেচ্ছাচারিতার কারণে ধামরাইয়ে আওয়ামী লীগ দুই ধারায় বিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সাংসদ নিজে আর অন্য পক্ষে বেনজির আহমেদ। এই দুই পক্ষের কোন্দল দলের ওপর বিরূপ প্রভাব ফেলছে। অনেক নেতা-কর্মী নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। অনেকে হয়রানিরও শিকার হচ্ছেন।
বেনজির আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সেতুটি নির্মাণ করা হয়েছে। তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দিয়ে সেতুটির উদ্বোধনের পরিকল্পনা ছিল। এটা বুঝতে পেরেই এম এ মালেক সেতু উদ্বোধনের এই হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন।
ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবীর বলেন, বেনজির আহমেদসহ দলের অধিকাংশ নেতা-কর্মীকে বাদ দিয়ে এম এ মালেক একক সিদ্ধান্তে এসব করছেন।
বেনজির আহমেদকে আমন্ত্রণ না জানানো প্রসঙ্গে এম এ মালেক বলেন, ‘বেনজির কে? আমি ধামরাইয়ের এমপি, আমিই তো ব্রিজ উদ্বোধন করব। তাঁকে তো আমি রাখতে পারি না।’ আর ধামরাইয়ে দলে কোনো কোন্দল নেই।
সাভারের সাংসদ এনামুর রহমান বলেন, বেনজির আহমেদকে বাদ দিয়েই সেতুর উদ্বোধন করা হলো। সেতু উদ্বোধনের মধ্য দিয়েই ধামরাই আওয়ামী লীগে দ্বিধাবিভক্তি আরও স্পষ্ট হয়ে উঠল। এটা দলের জন্য শোভন নয়।