সেনবাগে ছাত্রলীগের কমিটি নিয়ে উত্তেজনা
নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পর থেকেই বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। গতকাল শুক্রবার রাতে তৃতীয় দিনের মতো সেনবাগ বাজারে দুই পক্ষ মহড়া দেয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার কেন্দ্র থেকে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে স্থানীয় সাংসদ মোরশেদ আলমের অনুসারী হিসেবে পরিচিত ফিরোজ আলম ওরফে রিগানকে সভাপতি ও মো. মাজেদুল তানভিরকে সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রঘোষিত এই কমিটি ঘিরে অসন্তোষ ছড়িয়ে পড়ে নেতা-কর্মীদের। আগের কমিটির নেতারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর ওরফে টিপুর অনুসারী হিসেবে পরিচিত।
গত বুধবার নতুন কমিটি পৌর শহরে আনন্দ মিছিল, আর পুরাতন কমিটি প্রতিবাদ মিছিলের কর্মসূচি পালন করে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যায় আবারও সেনবাগ বাজারের ছাত্রলীগের দুই পক্ষ অবস্থান নেয়। গতকাল রাত আটটার দিকে এক পক্ষ হাইস্কুল এলাকা থেকে অন্য পক্ষ দক্ষিণ বাজার থেকে বের হয়ে মহড়া দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের নেতা আবু জাফর বলেন, গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করবে জেলা কমিটি। কিন্তু তা না করে কেন্দ্র থেকে কমিটি দেওয়ায় বেশির ভাগ নেতা-কর্মী ও সমর্থকই ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন। তিনি নিজেও সাধারণ নেতা-কর্মীদের সঙ্গে রয়েছেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের দুই পক্ষ দুদিক থেকে বাজারে ওঠার চেষ্টা করেছিল। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুদিকে দুটি পটকার আওয়াজ শোনা যায়। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।