সেপ্টেম্বরে শেষ হচ্ছে না ইসির সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করতে পারছে না নির্বাচন কমিশন। তাই অক্টোবরের মধ্যে সংলাপ শেষ করার নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত পথনকশায় (রোডম্যাপ) আগস্ট ও সেপ্টেম্বর এই দুই মাস নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠানের কথা বলা হয়েছিল। এখন সে সময় প্রায় মাস পিছিয়ে যাচ্ছে।

নির্বাচন কমিশনের বৈঠকে উপস্থাপনের জন্য তৈরি খসড়া সময়সূচি অনুযায়ী অক্টোবরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আওয়ামী লীগের সঙ্গে ১৬ অক্টোবর এবং বিএনপির সঙ্গে ১২ অক্টোবর এবং জাতীয় পার্টির সঙ্গে ৯ অক্টোবর সংলাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। শিগগির এই সূচি চূড়ান্ত হবে।

দলের সঙ্গে সংলাপের সূচি পিছিয়ে যাওয়ায় নারী নেত্রী, নির্বাচন পরিচালনা বিশেষজ্ঞ এবং নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপ পিছিয়ে যেতে পারে। সে ক্ষেত্রে চলতি বছরের ডিসেম্বরে সংলাপে পাওয়া মতামত থেকে সুপারিশ চূড়ান্ত করার নির্ধারিত সময় ঠিক থাকবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। কমিশন সচিবালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁরা অক্টোবরের মধ্যে দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করবে। তবে ওই কর্মকর্তা মনে করেন, সংলাপ পেছালেও নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ চূড়ান্ত করা যাবে। দলের সঙ্গে সংলাপের নির্ধারিত সময়সূচি ঠিক না থাকার কারণ সম্পর্কে আরেক কর্মকর্তা ঈদের ছুটি, পূজার ছুটি এবং এ মাসে প্রধান নির্বাচন কমিশনারের বিদেশ সফরকে দায়ী করেছেন। এ তিন কারণে পথনকশার সময় ঠিক রাখা যায়নি।

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী ২ অক্টোবর মুসলিম লীগ ও খেলাফত আন্দোলন, ৪ অক্টোবর তরিকত ফেডারেশন ও জাতীয় পার্টি বিজেপি, ৫ অক্টোবর বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও জাকের পার্টি, ৮ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, ৯ অক্টোবর বিকল্পধারা বাংলাদেশ, ১১ অক্টোবর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ১২ অক্টোবর গণতন্ত্রী পার্টি, ১৫ অক্টোবর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ, ১৬ অক্টোবর বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), ১৭ অক্টোবর জাতীয় পার্টি জেপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে সংলাপ হবে।

আর ২৩ অক্টোবর পর্যবেক্ষক, ২৫ অক্টোবর নারী নেত্রী এবং ৩০ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করার কথা রয়েছে। ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হয়। এখন পর্যন্ত সাতটি দলের সঙ্গে সংলাপ হয়েছে।