
৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে না পারার জন্য নিজের ও ঢাকার নেতাদের ব্যর্থতার কথা স্বীকার করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘আমি দোষ দেব আমাদের। আমরা পারিনি। আমি ধন্যবাদ দেব আপনাদের। আপনারা সারা দেশে কঠোর আন্দোলন করেছেন।’
গতকাল বৃহস্পতিবার নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় খালেদা জিয়া এসব কথা বলেন। দশম জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করতে ব্যর্থতার কথা বললেও সরকার পতন আন্দোলনে তাঁর নেতৃত্বাধীন ২০-দলীয় জোট সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, সেবার ঢাকা আন্দোলন করতে পারেনি। কিন্তু এবার ইনশা আল্লাহ পারবে। ঢাকাও আন্দোলন করবে। সারা দেশ আন্দোলন করবে।
কবে নাগাদ সরকার পতনের আন্দোলন শুরু হবে, সে সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা দেননি সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি জনগণকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, যখনই সময় আসবে তখনই আন্দোলনের ডাক দেওয়া হবে। এবার আন্দোলন শুরু হলে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিদায় করে তবেই ঘরে ফেরা হবে। খালেদা জিয়া বলেন, ভালো কথায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে কঠোর আন্দোলন করতে হবে। যাকে বলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে।
নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট এই জনসভার আয়োজন করে। এরপর ৩০ অক্টোবর নাটোর, ৬ অথবা ৭ নভেম্বর কুমিল্লা এবং ১২ নভেম্বর কিশোরগঞ্জে জনসভা হবে। এর আগে একই দাবিতে আরও ছয়টি জেলায় জনসভা করেন খালেদা জিয়া। ৫ জানুয়ারির পর কয়েকবার আন্দোলনের ঘোষণা দিলেও এখন পর্যন্ত জনসভার মধ্যেই কর্মসূচি সীমাবদ্ধ রেখেছে জোট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রকাশের প্রতি ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন বলেন, এই সরকারকে কেউ স্বীকৃতি দেয়নি। শুধু বিদেশে গিয়ে ছবি তুললেই, ফটোসেশন করলেই স্বীকৃতি পাওয়া যায় না। দেশে গণতন্ত্র না থাকলে কেউ স্বীকৃতি দেবে না।
খালেদা জিয়া যখন জনসভাস্থলে এসে পৌঁছান, তখন বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ। সমাবেশস্থলে জামায়াত নেতা-কর্মীদের প্রাধান্য ছিল লক্ষণীয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত দলীয় নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দেন তাঁরা।
বিশাল সমাবেশে খালেদা জিয়া বলেন, সরকারের দেশ পরিচালনায় মনোযোগ নেই। তারা আবার গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়ানোর চিন্তা করছে। এটা করা হলে সাধারণ মানুষের ব্যয় বাড়বে। এটা হতে দেওয়া হবে না। এ জন্য সবাইকে প্রতিবাদ করার আহ্বান জানান।
মামলায় ফতুর নেতা-কর্মীরা: সরকার বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। দেশে আইনের শাসন নেই। শেখ হাসিনার বিরুদ্ধে ১৫টি মামলা ছিল। সেগুলো কীভাবে শেষ হলো? আর বিএনপির নেতাদের বিরুদ্ধে করা মামলাগুলো কেন শেষ হচ্ছে না? এই প্রশ্ন রেখে খালেদা জিয়া বলেন, বিরোধী দলের নেতারা মামলার হাজিরা দিতে দিতে ফতুর হয়ে যাচ্ছেন।
বিএনপির প্রধান বলেন, সরকার মিথ্যার ওপর ভর দিয়ে টিকে আছে। কিন্তু এভাবে টিকে থাকা যাবে না। চুরি করে ক্ষমতায় থাকা যায় না। সরকার র্যা ব-পুলিশকে রক্ষীবাহিনী বানাচ্ছে। র্যা ব টাকার বিনিময়ে মানুষ খুন করছে। র্যা বকে বিলুপ্ত করতে হবে। রক্ষীবাহিনী ৩০ হাজার মানুষ হত্যা করেছে আর এরা হাজার হাজার মানুষকে হত্যা করছে।
প্রায় এক ঘণ্টার বক্তব্যে খালেদা জিয়া সরকারের শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগের সমালোচনা করেন। আওয়ামী লীগের ভুল সিদ্ধান্তের কারণে অর্থনীতি খারাপ অবস্থায় রয়েছে বলে অভিযোগ করেন তিনি। জাতীয় পার্টির সমালোচনা করে তিনি বলেন, ‘লাঙ্গল আর লাঙ্গল নেই। লাঙ্গল নিয়ে টানাটানি শুরু হয়েছে।’
‘এক মিনিটে হবে না’: বিকেল সাড়ে চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন টিভি চ্যানেলগুলো সরাসরি দেখাবে বলে টেলিভিশন সাংবাদিকদের অনুরোধে বিএনপি চেয়ারপারসনের জনসভার সময় কিছুটা এগিয়ে আনা হয়। তাঁর সাড়ে তিনটায় জনসভাস্থলে আসার কথা থাকলেও তিনি সোয়া তিনটায় পৌঁছান। বক্তব্য শুরু করেন চারটা ১০ মিনিটে। শেষ করেন পাঁচটায়।
সমাবেশ নিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে জামায়াতে ইসলামীর তোপের মুখে পড়েন বিএনপির নেতারা। মঞ্চে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বক্তব্য দিচ্ছিলেন। তিনি যখন বক্তব্যে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত তাঁর দলের নেতাদের মুক্তি চাচ্ছিলেন, তখন পেছন থেকে জেলা বিএনপির সদস্যসচিব শামসুজ্জামান ও কয়েকজন নেতা বক্তব্য এক মিনিটে শেষ করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমান বলেন, ‘জামায়াত একটা দল। তাদের এক মিনিটে হবে না।’ এরপর জামায়াত নেতা আট মিনিটের মতো বক্তব্য দেন।
বক্তব্যে মুজিবুর রহমান বলেন, গোলাম আযম জীবনসায়াহ্নে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সরকার বিদেশে পাঠায়নি। তিনি বলেন, সময় আছে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। নইলে সমস্যা হবে।
ছাত্রদলের নতুন কমিটির পরিচিতি: জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান ও সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে জনসভায় পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় ছাত্রদলের পদবঞ্চিত পক্ষের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহ্বায়ক আনিসুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অলি আহমদ, খেলাফত মজলিসের সভাপতি মো. ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস, জেলার যুগ্ম আহ্বায়ক মীর সেলিম ফারুক, জহুরুল আলম, সাবেক সাংসদ রিনা পারভীন প্রমুখ বক্তব্য দেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় খালেদা জিয়া বগুড়া সার্কিট হাউস থেকে নীলফামারীর উদ্দেশে রওনা দেন। আগের দিন বিকেলে ঢাকা থেকে বগুড়ায় আসেন। গতকাল রাতেই খালেদা জিয়া ঢাকার উদ্দেশে নীলফামারী ছাড়েন। জনসভা শেষে খালেদা জিয়া নীলফামারী সার্কিট হাউসে যান। সেখানে ৫ জানুয়ারির ‘নির্বাচন প্রতিহতের আন্দোলনে’ নিহত চারজনের পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেন তিনি।