সেবার নামে তামাশা করছেন খালেদা: মায়া
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, খালেদা জিয়া রোহিঙ্গাদের ত্রাণ দিতে গিয়ে নিজের গাড়ি নিজে ভাঙেন। সাংবাদিকদের পেটান। আর বলেন শেখ হাসিনার কর্মীরা এসব কাজ করছে। তিনি মানুষের সঙ্গে সেবার নামে তামাশা করছেন।
আজ শনিবার দুপুরে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আরও বলেন, ‘আমরা শেখ হাসিনার পাগল তাই দেশের উন্নয়নের কথা যেখানে যাই সেখানেই বলি।’
সমাবেশে প্রধান আলোচক ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, দেশে একটি বিশেষ মহল পুলিশের কাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা পুলিশের কাজ নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায়। তারা চায় সরকারের পতন হোক। দেশে জঙ্গিবাদ সৃষ্টি হোক। জঙ্গিদের নেটওয়ার্ক আমরা বের করেছি। ২৭টি অভিযান করেছি। আমাদের সফলতা আছে। জঙ্গিদের আত্মসমর্পন করার জন্য বারবার অনুরোধ করেছি। পৃথিবীর কোথাও জঙ্গিরা আলোচনা করে না। কিন্তু আমরা তাদের বুঝিয়ে সারেন্ডার করিয়েছি। অথচ একটি বিশেষ মহল এ নিয়ে প্রশ্ন তুলছে।
আইজিপি বলেন, কে কোন দলের কোন গোষ্ঠীর তা না দেখে আমার তাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। পুলিশ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ২০১৩ সালে টার্গেট করে ১৬ জন পুলিশকে হত্যা করা হয়। তাদের উদ্দেশ্য ছিল পুলিশের মাঝে ভীতি সঞ্চার করা, তারা জয়ী হবে, সরকারের পতন হবে। আমরা তা হতে দিইনি। ভবিষ্যতে আমরা জনগণকে নিয়ে সন্ত্রাস মোকাবিলা করব। সব ধরনের অরাজকতা দূর করতে আপনারা পুলিশের পাশে থাকবেন।
জনগণ ও পুলিশের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি করতেই কমিউনিটি পুলিশিং গঠন করা হয়েছে জানিয়ে শহীদুল হক আরও বলেন, জনগণ পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখলে দালাল সুবিধা নিতে পারবে না। মানুষের সঙ্গে পুলিশের কাজের দূরত্ব থাকলে ঠিকভাবে কাজ করা যাবে না। পুলিশের প্রতি আস্থার পরিবেশে সৃষ্টি করতে কমিউনিটি পুলিশ ব্যবস্থা কার্যকর ভূমিকা পালন করছে।
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম রেঞ্জের উপ মহাপরিদর্শক ড. এস এম মনিরুজ্জামান, প্রশাসনিক উপ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
এর আগে প্রায় ২০ হাজার নারী-পুরুষের অংশ গ্রহণে মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও জঙ্গিবাদ বিরোধী স্লোগান নিয়ে শহরের বাসস্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।