সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মুখে গণতন্ত্রের বুলি বছরের সেরা তামাশা। তারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বহু সেনা অফিসারের রক্তস্রোতের ওপর দাঁড়িয়ে কারফিউ গণতন্ত্র চালু করেছিল।
গতকাল শুক্রবার সকালে ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে পেশাজীবী চালকদের সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্র উদ্ধারের নামে পেট্রল মেরে মানুষ হত্যা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণতন্ত্র সঠিকভাবেই চলছে। বাংলাদেশে গণতন্ত্র না থাকলে ১৩২টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও পার্লামেন্ট মেম্বারদের আন্তর্জাতিক সম্মেলন কীভাবে হলো।
ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) গণতন্ত্র ও দুর্নীতির কথা বলে। অথচ দুর্নীতির দায়ে তাদের রাজপুত্র (তারেক রহমান) ৯ বছর ধরে টেমস নদীর ধারে পালিয়ে আছেন। বিএনপির দুর্নীতির অপবাদ ভূতের মুখে রাম নাম।’ গাড়িচালকদের উদ্দেশে মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা থেকে যাত্রীদের রক্ষা করতে হবে।
ঢাকা জেলা পুলিশের সহযোগিতায় বিআরটিএ ঢাকা জেলা সার্কেল এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় দেড় শতাধিক চালক অংশ নেন। জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএর চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম প্রমুখ।