সেলিনা ইসলামের প্রচারে বাধা, পোস্টার ছেঁড়ার অভিযোগ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সেলিনা ইসলাম বিউটিকে নির্বাচনী প্রচার চালাতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাঁর পোস্টারও ছিঁড়ে ফেলা হয়েছে। বাসা থেকে বের হওয়ার পথেও বাধার সম্মুখীন হচ্ছেন।
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় নিহত ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের ঘনিষ্ঠ সূত্র বলেছে, গতকাল রোববার দুপুর ১২টার দিকে সেলিনা ইসলাম সিদ্ধিরগঞ্জে নিজ বাসা ‘রোজ গার্ডেন’ থেকে নির্বাচনী প্রচার চালাতে বের হন। বাসার সামনের সড়কে গণসংযোগ করার সময় প্রতিপক্ষের লোকজন চার-পাঁচটি ইজিবাইকে করে সেখানে আসেন। এগুলো তাঁর জনসংযোগ ঘিরে চক্কর দিতে থাকে। এ কারণে তিনি ভয়ে বাসায় চলে যান।
সেলিনা ইসলামের সঙ্গে থাকা কয়েকজন বললেন, হত্যার হুমকি দিয়ে চিঠি পাওয়ার পর ১৫ ডিসেম্বর সেলিনা ইসলাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। চিঠিতে তাঁকে নির্বাচন থেকে সরে যাওয়ারও হুমকি দেওয়া হয়। এরপর থেকে যখনই তিনি বাইরে প্রচারে যাচ্ছেন তখনই ইজিবাইকে কিছু লোক তাঁকে অনুসরণ করছেন। এদের কারণে তিনি ঠিকমতো গণসংযোগও করতে পারছেন না। তাঁরা বলেন, ওয়ার্ডের সাহেবপাড়া ও মৌচাক এলাকায় সেলিনা ইসলামের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। গতকাল সেখানে গিয়ে দেখা গেছে, ঝোলানো পোস্টারগুলো কে বা কারা ছিঁড়ে ফেলেছে। সেগুলো মাটিতে পড়ে আছে।
জানতে চাইলে সেলিনা ইসলাম প্রথম আলোকে বলেন, প্রতিপক্ষের লোকেরা তাঁকে ভয়ভীতি দেখাচ্ছেন। তাঁদের কারণে গণসংযোগ করতে পারছেন না। তাঁর সমর্থকদেরও কাজ করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, থানায় অভিযোগ করার পর থেকে এরা আরও বেশি সমস্যা করছে।