
নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় নিন্দা জানিয়ে স্থানীয় এমপি সেলিম ওসমান ও তাঁর সঙ্গে যুক্ত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী।
আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে দলের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় পরিচালনা কমিটির কার্যকরী সদস্য আবদুস সালাম, আরিফুল ইসলাম ও গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তরিকুল সুজন।
সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, ‘প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে যেভাবে অপমান ও হেনস্তা করা হয়েছে, এটা আসলে খুনের চেয়ে কম বড় অপরাধ নয়। আমরা এখন পর্যন্ত সেলিম ওসমানসহ তাঁর সঙ্গে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনতে দেখিনি। অথচ তিনি সংবাদ সম্মেলন করে তাঁর নিজের পক্ষে সাফাই গাইছেন। আমরা অদ্ভুত এক রাজত্বে বসবাস করছি। আমরা দেখতে পাচ্ছি, খোদ আইনমন্ত্রী বলেছেন, যাঁরা অপরাধ করেছেন, তাঁদের শাস্তি পেতে হবে। কোথায় আপনাদের আইন? আমরা আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, সরাসরি অপরাধ করার পরও কেন তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না? সারা দেশের মানুষ যেখানে প্রতিবাদ জানাচ্ছে, সেখানে তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না।’ অবিলম্বে সেলিম ওসমান ও তাঁর সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন তিনি।
পরে জোনায়েদ সাকী শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে দেখতে যান এবং তাঁর সঙ্গে কথা বলেন।