সেলিম ওসমানের কারখানায় এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। প্রথম আলো ফাইল ছবি
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। প্রথম আলো ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমানের পোশাক কারখানা পরিদর্শন করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুরে অবস্থিত সেলিম ওসমানের মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামে কারখানাটি পরিদর্শন করেন তিনি। এ সময় সেখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। তবে সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহেরের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, বগুড়া থেকে নির্বাচিত এমপি নুরুল ইসলাম ওমর, দলের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি, শফিকুল ইসলাম সেন্টু, নূর ইসলাম নুরু, গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক হাজী নাসির, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব বেলাল হোসেন।

এ ছাড়া সেখানে নারায়ণঞ্জ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু, সদস্যসচিব আকরাম আলী শাহীন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের সাংবাদিকদের বলেন, দলীয় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সেলিম ওসমানের কারখানায় বেলা দেড়টার দিকে আসেন। তিনি সেখানে আড়াই ঘণ্টার মতো অবস্থান করেন। এ সময় সেখানে রুদ্ধদ্বার বৈঠকে ভবিষ্যৎ পরিকল্পনা, আগামী নির্বাচনসহ নানা বিষয় তুলে ধরা হয়েছে দলীয় চেয়ারম্যানের কাছে।