সেলিম ওসমানের সাংসদ পদ থাকা উচিত নয় : বিএনপি

শিক্ষক লাঞ্ছনা করায় সংসদ থেকে সেলিম ওসমানের পদত্যাগ দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘একজন সংসদ সদস্য শিক্ষকের সঙ্গে এমন আচরণ করেছেন যে তাঁর ওই পদ থাকা উচিত নয়।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে বিএনপির পক্ষ থেকে দেখতে গিয়ে মাহবুবুর রহমান এসব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, ‘শিক্ষক শ্যামল কান্তি ভক্ত যেভাবে অপমানিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তার মধ্য দিয়ে পুরো জাতি অসম্মানিত হয়েছে। একজন সংসদ সদস্য হয়ে কীভাবে এ ধরনের কাজ করলেন, সেটি আমার বোধগম্য নয়।’ তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা অনেক ওপরে। তাঁদের লাঞ্ছিত করা মানে জাতিকে অসম্মান করা। শিক্ষকদের যতই লাঞ্ছিত করা হোক, তাঁরা শিক্ষকতা করবেন, তাঁরা জ্ঞান বিলিয়েই দেবেন।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কয়েক দিন আগে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের উপস্থিতিতে কান ধরে ওঠবস করানো হয়। এ ঘটনার খবর বিভিন্ন পত্রপত্রিকার পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।