জাসদই বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র তৈরি করেছিল—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
গতকাল সোমবার এক বিবৃতিতে জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল ও সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া এ প্রতিবাদ জানান। তাঁরা বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার দীর্ঘ তদন্ত, তদন্ত শেষে আদালতে দেওয়া অভিযোগপত্র, সাক্ষীদের জেরা, আদালতের রায় ও পর্যবেক্ষণের কোথাও বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জাসদের সংশ্লিষ্টতার সামান্যতম বিষয় আসেনি। তারপরও শেখ সেলিম যে বক্তব্য দিয়েছেন, তা শুধু সত্যের অপলাপই নয়, উদ্দেশ্যপ্রণোদিত।
তাঁরা বলেন, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে জনগণ ও ১৪ দলের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর খুনি গোষ্ঠীর ও খুনের সুফলভোগী গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করছে, তখন শেখ সেলিমের এ বক্তব্য ঐক্যের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। তাঁরা বলেন, ‘শেখ সেলিম আর বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন যখন একই ভাষায়, একই সময়ে জাসদের বিরুদ্ধে কথা বলেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এ অভিন্ন ভাষার যোগসূত্র কী?’
প্রসঙ্গত, গত রোববার শেখ সেলিম বলেন যে জাসদই বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছিল।