সোনাগাজীতে আ.লীগের প্রার্থী চূড়ান্ত, ঠিক হয়নি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। তবে এখনো প্রার্থী ঠিক করতে পারেনি বিএনপি।
আওয়ামী লীগ সূত্র জানায়, নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য গত রোববার পৌরসভার সব ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন উপস্থিত ছিলেন। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে খোকনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
আওয়ামী লীগ সূত্র জানায়, এ ছাড়া বৈঠকে নয়টি সাধারণ ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করার বিষয়েও আলাপ-আলোচনা হয়। কিন্তু সব ওয়ার্ডে একাধিক ব্যক্তি প্রার্থী হতে ইচ্ছুক হওয়ায় এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন, আলাপ-আলোচনার ভিত্তিতে রফিকুল ইসলামকে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
এদিকে বিএনপি এখনো মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। তবে পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ওরফে সেন্টু ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া তিনি দলের নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন। দলীয় সূত্র জানায়, সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ওরফে ভিপি দুলালও মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, দুই-এক দিনের মধ্যে মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) স্বতন্ত্র সাংসদ রহিম উল্লার শ্যালক আবু নাছের, উপজেলা যুবলীগের সাবেক সম্পাদক শেখ সেলিম ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ওরফে রিপন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৪ মার্চ। নির্বাচনের ভোট গ্রহণ করা হবে ২০ মার্চ।
সোনাগাজী পৌরসভার ভোটার ১৪ হাজার ১৯০ জন। তার মধ্যে নারী ভোটার ৭ হাজার ৩ জন ও পুরুষ ভোটার ৭ হাজার ১৮৭ জন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, গতকাল সোমবার বিকেল পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চারজন। সাধারণ কাউন্সিলর পদে ২২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।