সহিংস কর্মসূচি বন্ধে আগামী সোমবার বিএনপির গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন শ্রমিকেরা। গতকাল বুধবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে এ কথা বলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ‘জ্বালাও-পোড়াও, শ্রমিক ও নিরীহ মানুষ হত্যা, ব্যবসা-বাণিজ্য ও শিল্প ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করে শ্রমিক-কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।
সমাবেশে নৌমন্ত্রী বলেন, সহিংসতার প্রতিবাদে কাল শুক্রবার রংপুরে সমাবেশ, রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে মোমবাতি প্রজ্বালন ও ১৮ তারিখে মতিঝিল শাপলা চত্বরে জাতীয় পতাকা হাতে নিয়ে সমাবেশ করা হবে। তিনি আরও বলেন, তালেবান জঙ্গি সংগঠনের অনুসারী হয়ে গেছেন খালেদা জিয়া। কারণ, জঙ্গিদের মতো খালেদা জিয়াও ভিডিও এবং ই-মেইল বার্তার মাধ্যমে দলের কার্যক্রম চালান। তাই এসব তালেবানি কায়দার সহিংসতা বন্ধে সবাইকে আরেকবার যুদ্ধ করতে হবে।
নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, হরতাল-অবরোধে গত এক মাসে বাস ও ট্রাকে পেট্রলবোমা ছুড়ে প্রায় ৬১ জন পরিবহন শ্রমিককে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
সাংসদ শিরিন আক্তার বলেন, দেশের পরিস্থিতি নিয়ে সংলাপের জন্য চিঠি দিয়েছে নাগরিক সমাজ। কিন্তু সংলাপ হবে সহিংসতা বন্ধ ও উন্নয়ন বিষয়ে, নির্বাচনের জন্য নয়।
সমাবেশে শাজাহান খানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি হেলাল মোরশেদ খান, ভাইস চেয়ারম্যান ইসমত কাদির, বাস মালিক ঐক্য পরিষদের সভাপতি রোস্তম আলী, পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ বক্তব্য দেন।