সোমবার মিয়ানমার দূতাবাস ঘেরাও গণজাগরণ মঞ্চের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা গণহত্যা ও জাতিগত নিপীড়ন বন্ধের দাবিতে গণজাগরণ মঞ্চ গতকাল বিকেলে শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত নাগরিক পদযাত্রা করে l ছবি: ফোকাস বাংলা
রোহিঙ্গা গণহত্যা ও জাতিগত নিপীড়ন বন্ধের দাবিতে গণজাগরণ মঞ্চ গতকাল বিকেলে শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত নাগরিক পদযাত্রা করে l ছবি: ফোকাস বাংলা

তিন দিনের মধ্যে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধ না হলে আগামী সোমবার ঢাকায় মিয়ানমারের দূতাবাস ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ। গতকাল শুক্রবার বিকেলে রোহিঙ্গা গণহত্যা ও জাতিগত নিপীড়ন বন্ধের দাবিতে পদযাত্রা শেষে এ ঘোষণা দেওয়া হয়।

রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে ‘ঢাকা র‍্যালি’ নামে এই নাগরিক পদযাত্রাটি বাংলামোটর মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে আবার জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়।

পদযাত্রা শেষে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, শান্তির জন্য মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, সেই শান্তি বিনষ্ট করায় অবিলম্বে নোবেল পুরস্কার স্থগিত করা উচিত। মিয়ানমারে এ ধরনের নির্বিচারে মানুষ হত্যা, জাতিগত নিপীড়ন নোবেল কমিটির লজ্জা, সারা পৃথিবীর মানুষের জন্য লজ্জা।

ইমরান এইচ সরকার বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না হলে আগামী সোমবার বেলা তিনটায় ঢাকায় মিয়ানমার দূতাবাস ঘেরাও করা হবে।

পদযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। তাঁরা ‘প্রাণ বাঁচাতে এগিয়ে এসো, রোহিঙ্গা নির্যাতন বন্ধ করো’, ‘হে বিশ্ব মানবতা জাগ্রহ হও’, ‘ধর্ম নয়, মানবতার বিচারে নারী ও শিশু হত্যা বন্ধের জন্য জাগ্রত হও’, ‘স্টপ রোহিঙ্গা জেনোসাইড’, ‘রেইজ ইউর ভয়েস টু স্টপ এথনিক ক্লিনসিং অব রোহিঙ্গা’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড বহন করেন।

গণজাগরণ মঞ্চের পদযাত্রা শেষে একই স্থানে রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে ‘প্রতিবাদী নাগরিক সমাজের’ ব্যানারে আলাদা সমাবেশ করা হয়।