সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণের প্রবেশ বন্ধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে ২২ ও ২৩ অক্টোবর সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকার সড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সমন্বিতভাবে পুরো ঢাকা মহানগরের নিরাপত্তায় কাজ করবেন।
গতকাল বুধবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন। ডিএমপির কমিশনার বলেন, ‘কাউন্সিলকে ঘিরে ১৫ দিন ধরে বিশাল কর্মযজ্ঞ চলছে। এর নিরাপত্তার জন্য পুরো ঢাকা মহানগরে সুদৃঢ়, নিরবচ্ছিন্ন ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে আমরা পুরো ঢাকা শহরটা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলব। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এসএসএফের নির্দেশনা মোতাবেক সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করবে।’
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের দায়িত্ব ২১ তারিখ থেকে পুলিশ গ্রহণ করবে। এসবি, র্যা ব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াড দিয়ে উদ্যানের প্রতিটি ইঞ্চি সুইপিং করা হবে। এরপর থেকে শুধু অনুমোদিত ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি এখানে প্রবেশ করতে পারবে না। ইতিমধ্যে এই উদ্যানে হকার, ভিক্ষুক, সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিরাপত্তার খাতিরে বন্ধ করা হয়েছে। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় কোনো ধরনের হকার এবং ভাসমান দোকান থাকবে না।’
কমিশনার বলেন, ‘গাড়ি ফ্রি জোন হবে শাহবাগ, নীলক্ষেত দোয়েল চত্বর, মৎস্য ভবন। এই এলাকাগুলোতে গাড়ি ঢুকতে দেওয়া হবে না। এ ছাড়া কোনো ধরনের ব্যাগ, পোঁটলা, দাহ্য পদার্থ, ধারালো অস্ত্র এমনকি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র নিয়েও কেউ ওই দুই দিন উদ্যানে প্রবেশ করতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে। নিশ্ছিদ্র কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে। সোয়াট, বম্ব ডিসপোজাল টিম, অগ্নিনির্বাপণব্যবস্থা থাকবে। এ ছাড়া বিজয় সরণি, সোনারগাঁও, বাংলা মোটর, শাহবাগ এলাকায় পুলিশের পক্ষ থেকে রাস্তায় বড় মাইক স্থাপন করা হবে, যেখানে নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন নির্দেশনা ও উপদেশাবলি দেওয়া হবে।’
কোনো হুমকির পরিপ্রেক্ষিতে এ ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘কোনো ধরনের হুমকি নেই।’