সোহরাওয়ার্দীতে নয়, বসুন্ধরায় সম্মেলন করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমতি পেলেও রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলন করবে না বিএনপি। এর বদলে বসুন্ধরা কনভেনশন সেন্টারে সম্মেলন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলের স্থায়ী কমিটি। এ ক্ষেত্রে ১৯ মার্চ সম্মেলনের সম্ভাব্য তারিখও পরিবর্তন হতে পারে।
গতকাল বুধবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বৈঠকের সিদ্ধান্ত জানাতে আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
বৈঠক সূত্র বলেছে, সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন অনুষ্ঠানের নানা সমস্যা ও প্রতিকূলতা নিয়ে আলোচনা হয়। স্থায়ী কমিটির একাধিক সদস্য সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন অনুষ্ঠানে আপত্তি জানিয়ে বলেন, উদ্যানে সম্মেলন করার পরিবেশ নেই। নিরাপত্তা নিয়েও শঙ্কা আছে। তা ছাড়া এত বড় আয়োজন করতে বিপুল অর্থ ও সময়ের প্রয়োজন হবে। স্থায়ী কমিটির একজন সদস্য বসুন্ধরা কনভেনশন সেন্টারে সম্মেলন করার প্রস্তাব করেন। এ প্রসঙ্গে তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর ২৫ বছর পূর্তি উৎসবের বিশাল আয়োজনের কথা উল্লেখ করেন। পরে খালেদা জিয়া বসুন্ধরা কনভেনশন সেন্টারে সম্মেলন করার পক্ষে মত দেন।
সম্মেলন উপলক্ষে একজন নির্বাচন কমিশনার মনোনয়নের সিদ্ধান্ত হয়। দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার অথবা ভাইস চেয়ারম্যান টি এইচ খানের যেকোনো একজন নির্বাচন কমিশনার হতে পারেন বলে জানা গেছে। এ ছাড়া সম্মেলন উপলক্ষে ১১টি উপকমিটি গঠন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির আরেকজন সদস্য বলেন, বৈঠকে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ এবং প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। রাত সোয়া নয়টায় বৈঠক শুরু হয়ে সোয়া ১১টা পর্যন্ত চলে।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।