সৌদি জোটে যেতে ভাবতে হবে একপেশে কি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের নেতৃত্বে ৩৪টি দেশ নিয়ে গঠিত সন্ত্রাসবিরোধী সামরিক জোটে বাংলাদেশের অংশ নেওয়া উচিত বলেই মনে করেন নিরাপত্তা বিশ্লেষকেরা। তবে জোট গঠনের উদ্দেশ্য একপেশে বা একক কারও স্বার্থে হলে, তা এড়িয়ে যাওয়াই ভালো।
বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে জোটের ধরন, কার্যকলাপ, নেতৃত্বসহ খুঁটিনাটি বিষয় নিয়ে দেশের মধ্যে আরও আলোচনা করা উচিত। জোট গঠন নিয়ে শুরুতে শিয়া-সুন্নির একটা বিরোধ তৈরি হয়েছে। এটা ঠিক হয়নি। জোট গঠন মুসলিম প্রধান দেশগুলো নিয়ে হওয়া উচিত ছিল। মুসলমানদের বিভক্তিকে গুরুত্ব দেওয়া উচিত হয়নি। এই জোটের ভালো দিক হলো সন্ত্রাসের কারণে মুসলিম দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু তারা এ ব্যাপারে কিছু করছে না। জোট গঠন সেই শূন্যতা পূরণ করবে।
নিরাপত্তাবিষয়ক বিশ্লেষক এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী প্রথম আলোকে বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বা জঙ্গি তৎপরতা দমনে বাংলাদেশের অবশ্যই বিভিন্ন জোটে অন্তর্ভুক্ত হওয়া উচিত। এর আগে দেখতে হবে, এই জোটগুলো যেন কোনো একটি দেশের একক স্বার্থে বা একপেশে না হয়। আর জোট হওয়া উচিত আন্তর্জাতিক আইন মেনে। তিনি বলেন, জোটের মূল লক্ষ্য হতে হবে সন্ত্রাসবাদ মোকাবিলা। এটা যেন মধ্যপ্রাচ্যের জটিল সমীকরণে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার না হয়।
নিরাপত্তাবিষয়ক বিশ্লেষক বলেন, সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে বাংলাদেশ অংশ নিয়েছে এতে লাভ-লোকসানের হিসাব কষলে চলবে না। বিশ্বে সন্ত্রাসবাদ একটি বড় সমস্যা। ইসলামিক স্টেট (আইএস) বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার চেষ্টা করছে। এ অবস্থায় বাংলাদেশ যদি একা চলতে চায়, কারও সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবিলায় না থাকে, তাহলে ভবিষ্যতে দেশটি আক্রান্ত হলে তখন অন্য কাউকে পাশে পাওয়া যাবে না। এটা দেশের জন্য বিপজ্জনক হতে পারে। তিনি বলেন, আমি মনে করি, সার্কের দেশগুলোর মধ্যে একটি জোট হওয়া উচিত। পাকিস্তান আসতে না চাইলে বাংলাদেশ, ভারত ও নেপালকে নিয়ে এ ধরনের একটি জোট হতে হবে।
ইশফাক ইলাহী বলেন, সৌদি জোটে অংশ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে দেশের ভেতরে আরও খোলামেলা আলোচনা করা দরকার ছিল। জোট কেবল সুন্নি প্রধান দেশগুলোকে নিয়ে করা হয়েছে। কিন্তু মুসলিম বিশ্বে শিয়ারাও একটি অংশ রয়েছে। শিয়া প্রধান দেশগুলোকে রাখা হয়নি। এখানে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে। এতে মনে হতে পারে কেবল সুন্নিদের স্বার্থ রক্ষার জন্য এটা হয়েছে। অনেকে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে, এটা শুধু সৌদি স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে কি না।
নিরাপত্তা বিশ্লেষক বলেন, সন্ত্রাস, জঙ্গি বা আইএসবিরোধী যেকোনো জোট বিশ্বের সামগ্রিক স্বার্থে হতে হবে। একক হলে তা শুভ ফল আনতে পারবে না। এ জন্য বাংলাদেশকে আরও ভাবা দরকার তাদের অংশগ্রহণ কীভাবে হবে বা তারা কেন অংশ নেবে। তবে তিনি বলেন, অর্থনৈতিক ও সন্ত্রাসের বিপক্ষে অবস্থানের কারণে সৌদি প্রস্তাব নাকচ করা হয়তো সম্ভব ছিল না। তবে জোটে যাওয়া নিয়ে বাংলাদেশের তেমন উৎসাহ না দেখানো সঠিক হয়েছে।
আরেক নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল শাহেদুল আনাম খান প্রথম আলোকে বলেন, এই সামরিক জোট একটা ধোঁয়াশার মধ্যে আছে। জোট কেমন হবে, কীভাবে পরিচালিত হবে, জোটের দেশগুলো সরাসরি আইএসের ওপর হামলায় অংশ নেবে কি না, এমন অনেক প্রশ্নের জবাব নেই। এ কারণে জোটের ব্যাপারে আপাতত বাংলাদেশে আদর্শিক ও নৈতিক সমর্থন থাকা উচিত। সব কিছু পরিষ্কার হওয়ার পর এ ব্যাপারে বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া দরকার।
এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, এই জোটের একটা ভালো দিক আছে। সেটা হলো, সারা বিশ্বে সন্ত্রাসবাদ জেঁকে বসেছে। আইএস এই সন্ত্রাসের অগ্রভাগে আছে। এর বিরুদ্ধে মুসলিম বিশ্বের তেমন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। এমনকি আইএসবিরোধী যুদ্ধে মুসলিম দেশগুলোর অংশগ্রহণ নেই। এই জোটের মাধ্যমে সেই শূন্যতা পূরণ হতে পারে।
এই জোটের একটি সীমাবদ্ধতার কথাও বলেন শাহেদুল আনাম খান। তিনি মনে করেন, জোটে সুন্নি-অধ্যুষিত দেশগুলো অংশ নিয়েছে। শিয়া প্রধান দেশগুলোকে ডাকাই হয়নি। তিনি বলেন, আরেকটি দিক হলো, ইতিমধ্যে আলোচনা হচ্ছে সৌদি আরব আক্রান্ত হওয়ায় এই জোট করা হচ্ছে। এটা মূলত সৌদি স্বার্থে করা হয়েছে। এটার খারাপ দিক হলো মনে হতে পারে একপেশে কারণে জোট হয়েছে। আর ভালো দিক হলো আন্তর্জাতিক ক্ষেত্রে কারো না কারোর স্বার্থেই একটা উদ্যোগের সূচনা হয়। কিন্তু এটাকে সার্বিক করা গেলে তা থেকে ভালো কিছু হওয়া সম্ভব।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুর রশিদ বলেন, জোটের ব্যাপারে অনেকে কিছু এখনো অজানা। বলা যায় কোনো পক্ষই এখন পর্যন্ত কিছু খোলাসা করেনি। আগে এগুলো জানতে হতে হবে। তারপর এ নিয়ে আলোচনা করা উচিত।