সৈয়দপুর পৌর আ.লীগের সম্মেলন ১০ সেপ্টেম্বর
নয় বছর পর ১০ সেপ্টেম্বর নীলফামারীর সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন শুরু হচ্ছে। রেলওয়ের সৈয়দপুর জেলা পুলিশ ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে ২০০৬ সালের ১৬ জানুয়ারি এখানে সম্মেলন হয়েছিল।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী।
সম্মেলনকে ঘিরে শহরের অলিগলিতে পোস্টার-ফেস্টুন শোভা পাচ্ছে। পৌর আওয়ামী লীগের পক্ষে মোড়ে মোড়ে টাঙানো হয়েছে বিলবোর্ড। পদপ্রত্যাশীরা ঘরে ঘরে প্রচার চালাচ্ছেন।
সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, যাঁরা ইতিপূর্বে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন, সম্মেলনকে ঘিরে তাঁরাও বেশ তৎপর হয়ে উঠেছেন।
পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার বলেন, সৈয়দপুর উপজেলা হলেও রাজনৈতিকভাবে এর গুরুত্ব অনেক। সৈয়দপুর পৌরসভায় ভোটার সংখ্যা প্রায় এক লাখ। এ ছাড়া শহরে ১৫টি ওয়ার্ড রয়েছে। এসব ওয়ার্ডে ইতিমধ্যে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। ৬৭ সদস্যের পৌর কমিটি নির্বাচনে এবারের কাউন্সিলর সদস্য ২৪০ জন।এ ছাড়া থাকবেন ১ হাজার ৩০০ ডেলিগেট।