সৈয়দ আশরাফ আজ লন্ডন যাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আজ বুধবার সকালে তাঁর পূর্বনির্ধারিত লন্ডনযাত্রা স্থগিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার পর তিনি গতকাল রাত সাড়ে নয়টায় যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন। সরকারের উচ্চপর্যায়ের সূত্রে এ খবর জানা গেছে।
গতকাল সন্ধ্যায় ইফতারের পর সৈয়দ আশরাফকে গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী। তাঁরা একান্তে দীর্ঘ সময় কথা বলেন। এরপর আশরাফ লন্ডন যাত্রা স্থগিত করেন। এর আগে গত রোববারও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সৈয়দ আশরাফ।
গতকালও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাঁর বেইলি রোডের বাসভবনে গিয়ে দেখা করেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ছাড়াও কয়েকজন সাংসদ তাঁর সঙ্গে দেখা করেন। বিকেলে তিনি অফিসার্স ক্লাবে আওয়ামী লীগের প্রচার উপপরিষদের ইফতার অনুষ্ঠানে যোগ দেন।