সৈয়দপুরে কেন্দ্র দখলের শঙ্কায় ছয় প্রার্থী
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ভোটকেন্দ্র দখল করতে পারেন বলে আশঙ্কা করেছেন ছয় চেয়ারম্যান প্রার্থী। গত বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাচন কার্যালয়ে এ-সংক্রান্ত একটি অভিযোগ করা হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপজেলার পাঁচটি ইউনিয়নে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ হবে আগামী ৪ জুন। অভিযোগে বলা হয়েছে, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল হক চৌধুরী বহিরাগত লোকজন এনে নয়টি কেন্দ্র দখল করবেন। ওই প্রার্থী পথসভা, উঠান বৈঠকে ঘোষণা দিচ্ছেন কেন্দ্রে নয়, ভোট গণনা হবে উপজেলা কার্যালয়ে। অভিযোগে সই করেন বিএনপির প্রার্থী আনিসুল হক চৌধুরী, জাকের পার্টির প্রার্থী নানছু হাসান চৌধুরী, ওয়ার্কার্স পার্টির প্রার্থী কামরুন নাহার ইরা, স্বতন্ত্র প্রার্থী আজাহারুল ইসলাম ভুতুলু, সামসুল হক ও তাজুল ইসলাম।
অভিযোগ প্রসঙ্গে এনামুল হক বলেন, ‘নৌকার জোয়ার দেখে ওঁরা ভীত হয়ে পড়েছেন। এলাকায় আমার জনপ্রিয়তা দেখুন? কেন্দ্র দখলের প্রশ্নই ওঠে না।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা নূর নাহার ইসলাম বলেন, ‘প্রার্থীদের ভীত হওয়ার কোনো কারণ নেই। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।’