সোনাগাজীতে সাংসদের কুশপুত্তলিকা দাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে যুবলীগের কর্মী আজিজুল হক হত্যার জন্য স্থানীয় স্বতন্ত্র সাংসদ রহিম উল্লাহকে দায়ী করে আজ মঙ্গলবার দুপুরে তাঁর কুশপুত্তলিকা পুড়িয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার না করলে নিজেরাই ব্যবস্থা নেবেন বলেও তাঁরা হুমকি দেন।

গতকাল সোমবার সন্ধ্যায় সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে সন্ত্রাসীরা আজিজুল হককে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় পুলিশ গতকাল রাতে দুজনকে আটক করে।

আজ দুপুরে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীরা হত্যার প্রতিবাদে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মিয়াজী স্বপন এবং উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক ওরফে হিরন। প্রতিবাদ সমাবেশ শেষে সাংসদের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এরপর বিকেলে একটি সংবাদ সম্মেলন করে নেতা-কর্মীরা আজিজুল হককে হত্যার জন্য ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) স্বতন্ত্র সাংসদ রহিম উল্লাহ ও তাঁর সমর্থকদের দায়ী করেন। ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে নিজেরাই ব্যবস্থা নেবেন বলেও সংবাদ সম্মেলনে বলা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে কোর্ট খোকন।

এর আগে দুপুরে ফেনী সদর হাসপাতালে আজিজুল হকের লাশের ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়ি চর সোনাপুর নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

গতকাল সোমবার রাতে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সাংসদ রহিম উল্যার সমর্থক হিসেবে পরিচিত আলা উদ্দিন (৩০) ও মো. শিফুলকে (২৫) গ্রাম থেকে ধরে নিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন যুবলীগের কর্মী সমর্থকেরা। খবর পেয়ে সোনাগাজী থানা-পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় আলা উদ্দিনের পকেটে পাঁচটি গুলি পাওয়া যায়।

ঘটনার পর থেকে সাংসদের নিজ গ্রামে তাঁর সমর্থকেরা বাড়িঘর ছেড়ে পালিয়েছেন বলে স্থানীয় লোকজন জানান। স্থানীয় সোনাপুর বাজারের বেশির ভাগ দোকানপাট সকাল থেকে বন্ধ আছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ টহল অব্যাহত আছে। সাংসদ রহিম উল্লাহ ও তাঁর সমর্থকদের দায়ী করার বিষয়ে বক্তব্য জানার জন্য বারবার চেষ্টা করেও সাংসদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।