সোনার কোটপিন দিয়ে খুনের আসামি আ. লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলোচিত চার খুন মামলার এজাহারভুক্ত আসামি বিএনপির নেতা আবুল বাশার কাশু, বদরুদ্দিন আহম্মেদ, জহিরুল হকসহ বিএনপির হাজারো নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

গতকাল সোমবার রাতে আড়াইহাজারের গোপালদী বাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে নেতা-কর্মীদের নিয়ে আবুল বাশার ফুলের তোড়া ও সোনার তৈরি নৌকার কোটপিন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলামকে পরিয়ে দেন। এ সময় মাইকে ঘোষণা দেওয়া হয় নৌকা প্রতীকের ওই কোটপিনে তিন ভরি স্বর্ণ আছে।

এদিকে খুনের আসামিরা আওয়ামী লীগে যোগ দেওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
গোপালদী পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাংসদ নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সভাপতি শাহজালাল মিয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোপালদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

বিএনপির নেতা, ‘সন্ত্রাসী’, হত্যা মামলার আসামি আবুল বাশার চার খুনের মামলা থেকে বাঁচতে সাংসদ বাবুকে ম্যানেজ করতেই আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর অভিযোগ। এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর স্থানীয় সাংসদ আতাউর রহমান আঙ্গুরের ঘনিষ্ঠজন ছিলেন আবুল বাশার। আঙ্গুরের প্রতাপে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি ও হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েন বাশার। অভিযোগ রয়েছে, ২০০২ সালের ১২ মার্চ বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই বারেক, ফুফাতো ভাই বাদল, আওয়ামী লীগের কর্মী ফারুক ও কবীরকে নির্যাতনের পর আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করেন বাশারসহ কয়েকজন। সেময় বাশার গোপালদী ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

এ ব্যাপারে গোপালদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা জানান, গোপালদী পৌর বিএনপির সভাপতি আবুল বাশার ও সাধারণ সম্পাদক জহিরুল হক, বিএনপির উপজেলা কমিটির সদস্য বদরুদ্দিন আহম্মেদসহ দুহাজার নেতা-কর্মী সাংসদের হাতে ফুলের তোড়া ও স্বর্ণের নৌকা প্রতীকের কোটপিন উপহার দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। স্বর্ণের নৌকার ওজন কতটুকু জানতে চাইলে তিনি হেসে হেসে বলেন, ‘এটা তো আপনারা জানেন-ই।’

ওই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সভাপতি শাহজালাল মিয়া। এ ব্যাপারে তিনি বলেন, ‘কাশুর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে-এটা জানি। তার বিরুদ্ধে যে মামলা রয়েছে তা আইনগতভাবেই চলবে। দোষী হলে আদালতের রায়ে তার শাস্তি হবে।’
বিএনপির ‘সন্ত্রাসী’ যোগ দেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে শাহজালাল মিয়া বলেন, ‘যোগদানের বিষয়টি আমরা ভালো চোখেই দেখছি।’

অতিরিক্ত সরকারি কৌঁসুলি কে এম ফজলুর রহমান জানান, দুই নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে চার খুনের মামলাটির বিচারকাজ চলছে। ইতিমধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এখন যুক্তিতর্ক চলছে। মামলার প্রধান আসামি আবুল বাশার।

খুনের আসামি দলে যোগদানের ব্যাপারে নজরুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, ‘নেত্রীর (শেখ হাসিনা) নির্দেশ অনুযায়ী আমি আওয়ামী লীগের ভোট বাড়াচ্ছি।’ স্বর্ণের নৌকা উপহার নেওয়ার বিষয়টি এড়িয়ে যান তিনি।

সদ্য আওয়ামী লীগে যোগদান করা বিএনপির নেতা আবুল বাশারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।