সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নেই চার মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ও ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে এক বছর চার মাস আগে উপজেলা ছাত্রলীগের দুই সদস্যের কমিটি গঠন করার পর তাদের তিন মাসের সময় বেঁধে দিয়ে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কোনো কমিটিই করতে পারছে না ছাত্রলীগ।

সংগঠন সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শাফায়েত আলম সানি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে হাসান রাশেদ ও সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের নাম ঘোষণা করেন। দুই সদস্যের এ কমিটি গঠন করার সময় তাদের তিন মাসের সময় বেঁধে দিয়ে ১০টি ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।

জেলা কমিটির নেতাদের এ নির্দেশের পর এক বছর চার মাস পেরিয়ে গেলেও উপজেলা, ইউনিয়ন এমনকি একটি ওয়ার্ডেও কমিটি গঠন করতে পারেনি বর্তমান কমিটি। সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সাংগঠনিক কার্যক্রম একেবারেই নেই। মাঝেমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন ইউনিয়নে গিয়ে সভা করলেও সংগঠনের একাংশ তাঁদের সভা বর্জন করে আসছে।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বলেন, দুই সদস্যের এ কমিটির কারোরই ছাত্রত্ব নেই। রাজনৈতিকভাবে তাঁদের উপজেলার সর্বত্র পরিচিতি নেই। তাঁরা ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত। এ কারণে তাঁরা কোনো কমিটি গঠন করতে পারছেন না। কমিটি না থাকায় দল ক্ষমতায় থাকার পরও সাংগঠনিকভাবে স্থবির হয়ে রয়েছে ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম।

তবে এই অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাসেল বলেন, অন্য যেকোনো সময়ের চেয়ে বর্তমান উপজেলা ছাত্রলীগ সংগঠিত। কমিটি গঠন করতে দেরি হওয়ার কারণ হচ্ছে তাঁরা চান কমিটিতে প্রকৃত ছাত্ররা স্থান পাক। কোনো দাগি সন্ত্রাসী ও অছাত্রদের দিয়ে তাঁরা কমিটি গঠন করবেন না।

যোগাযোগ করলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সাদি প্রথম আলোকে বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে আমরা সোনারগাঁয়ের ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেব। কমিটিতে প্রকৃত ছাত্র নেতারাই স্থান পাবে।’