দ্বিধাবিভক্ত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতারা গতকাল শনিবার সভা করে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়। দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেন ও দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। চলতি বছরের উপজেলা নির্বাচনেও তাঁরা দুজন প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলামের কাছে পরাজিত হন। এ কারণে দলের দুই পক্ষের দ্বন্দ্ব আরও বেড়ে যায়। বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনাও ঘটে। দলের এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার ও তাঁর চাচা মোশারফ হোসেন। অপর পক্ষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।
গতকাল সাদিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে দুই পক্ষের নেতারা ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেন। বৈঠক শেষে শামসুল ইসলাম ভুইয়া জানান, নেতাদের এ সিদ্ধান্তে দলে আর কোনো কোন্দল থাকল না।