সোনারগাঁয়ে ঐক্যের ডাক বিএনপির
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপি ঐক্যের ডাক দিয়েছে। গতকাল শনিবার প্রস্তুতিমূলক সভা করে সংগঠনের সব পক্ষের নেতারা ঐক্যের ডাক দেন।
জানা যায়, আগামী ১৮ জুন উপজেলা বিএনপির উদ্যোগে সোনারগাঁয়ের মেঘনাঘাটে সমাবেশ ও ইফতার মাহফিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও একাধিক কেন্দ্রীয় নেতার আসার কথা রয়েছে। এ উপলক্ষে গতকাল মেঘনাঘাট এলাকায় বিএনপির প্রস্তুতিমূলক সভা হয়। সভা উপলক্ষে ঐক্যের ডাক দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল মান্নান। মান্নানের ডাকে সাড়া দেন সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী রেজাউল করিমের অনুসারী, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর ও তাঁর অনুসারী নেতা-কর্মী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ওয়ালিউর রহমানের সমর্থকেরা।
সভায় সভাপতিত্ব করেন খন্দকার আবু জাফর। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, আজহারুল মান্নান, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমের অনুসারী হিসেবে পরিচিত সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি এম এ জামান, সাধারণ সম্পাদক হুমায়ন কবির। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক, সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক আবুল হাশেম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির নেতা সিরাজুল ইসলাম, বারদি ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান, সহসভাপতি সেলিম সরকার প্রমুখ।
উপজেলা বিএনপির একাধিক নেতা-কর্মী বলেন, প্রায় পাঁচ বছর পর একত্রে সব নেতার সভা করার খবরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীরা চাঙা হয়ে উঠেছেন। দীর্ঘদিন পর বিএনপির ঐক্য হওয়ায় দলটি অন্য যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠবে।
আজহারুল মান্নান বলেন, ‘দীর্ঘদিন পর নেতারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন। দল থেকে যাঁকেই আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে তাঁর পক্ষে সবাই কাজ করবেন।’
খন্দকার আবু জাফর বলেন, দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে দলের সবাই যেভাবে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছেন, এভাবে সবাই মিলে একসঙ্গে কাজ করলে দল শক্তিশালী হবে।
মামুন মাহমুদ বলেন, সোনারগাঁ উপজেলা থেকেই দলের ঐক্য শুরু হলো। নারায়ণগঞ্জের প্রতিটি উপজেলায় এভাবে দলের ঐক্য ফিরিয়ে আনা হবে।