সোনারগাঁয়ে বিএনপির ভরাডুবি যে কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্যে নয়টিতে চেয়ারম্যান পদে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থীরা। একটিতে কোনো প্রার্থীই দেয়নি বিএনপি। দলীয় প্রার্থীদের ভরাডুরি কারণ বিচার-বিশ্লেষণ করে দেখছেন স্থানীয় নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত ছিল। ইউপি নির্বাচনের আগে দলীয় মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপি তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর ও সাধারণ সম্পাদক আজহারুল মান্নান একেকটি অংশের নেতৃত্বে আছেন।

গত সোমবার জানতে চাইলে রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ক্ষমতার অপব্যবহার করে আজহারুল মান্নান এমন অযোগ্য ব্যক্তিদের মনোনয়ন দিয়েছেন, যাঁদের সঙ্গে দলের নেতাদের কোনো সম্পর্ক কিংবা পরিচয় নেই। আবার মান্নানের পছন্দের তালিকার বাইরে কেন্দ্র থেকে পিরোজপুর ইউপির দুবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান রফিকুল ইসলামকে মনোনয়ন দেওয়ার পর তিনি প্রকাশ্যে এর বিরোধিতা করেছেন। এদিকে উপজেলার নোয়াগাঁও ইউপিতে সুষ্ঠু নির্বাচন হলেও মান্নানের পছন্দের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মাত্র ১৪৫ ভোট পেয়েছেন। অথচ এ ইউপিতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ইউসুফ দেওয়ান ৫ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বারদী ইউপিতে মান্নানের ব্যক্তিগত সচিব সেলিম মিয়াকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তিনি মাত্র ৪৮০ ভোট পেয়েছেন। এ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জহিরুল হক ৬ হাজার ৬৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। শম্ভুপুরা ইউপিতে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলম মাত্র ৬০৭ ভোট পেয়েছেন। এ ইউপিতে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আব্দুর রউফ ৮ হাজার ৬১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ ইউপিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়েছে।

নির্বাচনের দিন দুপুরে উপজেলার পিরোজপুর, সাদিপুর ও কাঁচপুর ইউপিতে বিএনপির তিন প্রার্থী ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এরপরও পিরোজপুর ইউপিতে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম ৬ হাজার ২৬৯ ভোট, কাঁচপুর ইউপিতে ফজলুল হক ৭ হাজার ৮৬৪ ভোট ও সাদিপুর ইউপিতে কামরুজ্জামান ভূঁইয়া মাসুম ৫ হাজার ৬০০ ভোট পেয়েছেন। এ তিন ইউপিতে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা ছিল বলে মনে করেন কয়েকজন নেতা।

পিরোজপুর ও কাঁচপুর ইউপিতে ভোট কারচুপি ছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মান্নান এ দুই ইউপিতে প্রার্থীদের বিপক্ষে কাজ করেছিলেন বলে অভিযোগ করেছেন দলের বেশ কয়েকজন নেতা-কর্মী। বৈদ্যেরবাজার ইউপিতে বিএনপির প্রার্থী গাজী আবু তালেব ভোট পান ১ হাজার ৫৭৫টি। জামপুরে বিএনপির প্রার্থী আনোয়ার জাহিদ ভোট পেয়েছেন ৪ হাজার ২২৪টি।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলার বারদী, নোয়াগাঁও ও শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির একাধিক নেতা বলেন, এ তিন ইউপিতে বিএনপির প্রার্থীরা পরোক্ষভাবে আওয়ামী লীগের নেতাদের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। এ কারণেই এত কম ভোট পেয়ে বিএনপির প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়।

এ ব্যাপারে নোয়াগাঁও ইউপিতে বিএনপির প্রার্থী মিজানুর রহমান বলেন, ‘নির্বাচনে কারচুপি হয়েছে। এ কারণে আমি পুরো ইউপিতে মাত্র ১৪৫ ভোট পেয়েছি।’ কারচুপি হলে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হতেন, কিন্তু এ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। আর কারচুপি হয়ে থাকলে আপনি নির্বাচন বর্জন করলেন না কেন—এমন প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগসাজশের অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল মান্নান বলেন, ‘যোগ্য প্রার্থী খুঁজে না পাওয়ায় আমরা নয়টি ইউপিতে ভালো প্রার্থী মনোনয়ন দিতে পারিনি। দলের সভাপতি তাঁর নিজ ইউপি সনমান্দিতে কোনো প্রার্থীকেই মনোনয়ন দিতে পারেননি। তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলামের পক্ষে কাজ করেছেন।’

উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর বলেন, ‘অযোগ্য প্রার্থী, সাংগঠনিক দুর্বলতা ও কিছু নেতার আওয়ামী লীগের সঙ্গে সখ্যের কারণেই আমাদের এমন শোচনীয় পরাজয় হয়েছে। যোগ্য প্রার্থী না পাওয়ার কারণেই আমার ইউপিতে প্রার্থী দিইনি। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার প্রশ্নই ওঠে না।’